যশোরের শার্শা উপজেলায় চাঁদা দাবিকে কেন্দ্র করে বিপুল বিশ্বাস নামে এক যুবকের মাথায় পিস্তল ঠেকিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে শরিফুল নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী শার্শা থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ পাওয়ার পর অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে শার্শা থানায় অভিযোগ করেন বিপুল বিশ্বাস। অভিযোগ অনুযায়ী, সোমবার (১৯ অক্টোবর) বিকেলে উপজেলার ডিহি ইউনিয়নের শাড়াতলা বাজারে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত শরিফুল শার্শা উপজেলার ফুলসাড়া গ্রামের ইউসুফের ছেলে। অভিযোগকারী বিপুল বিশ্বাস ডিহি ইউনিয়নের বিশ্বাসবাড়ি এলাকার সামসুর বিশ্বাসের ছেলে।
বিপুল বিশ্বাসের অভিযোগ, সম্প্রতি একটি সালিশকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জেরে শরিফুল তাঁকে মারধর করেন। এ ছাড়া তাঁর এক চাচাতো ভাইয়ের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন শরিফুল। এসব বিষয় নিয়ে তাঁদের মধ্যে বিরোধ চলছিল।
বিপুলের দাবি, এর জের ধরে শাড়াতলা বাজারে শত শত মানুষের সামনে শরিফুল তাঁর মাথায় পিস্তল ঠেকিয়ে হুমকি দেন। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে শরিফুল শাওন নামে এক ব্যক্তির মোটরসাইকেলে করে ঘটনাস্থল ত্যাগ করেন।
বিপুল বিশ্বাস বলেন, ঘটনার পর থেকে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা আতঙ্কের মধ্যে রয়েছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, এ ঘটনায় থানায় অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
