পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও কিংবদন্তি ক্রিকেটার ইমরান খানকে নিয়ে বিতর্কের রেশ কি এবার ক্রিকেটের ধারাভাষ্যকক্ষেও পৌঁছে গেল? প্রশ্নটা উঠছে ইংল্যান্ডের সাবেক দুই অধিনায়ক মাইকেল আথারটন ও নাসের হুসেইনকে ঘিরে। পাকিস্তান, ইংল্যান্ড ও শ্রীলঙ্কার আসন্ন ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের ধারাভাষ্যকারদের তালিকায় জায়গা হয়নি তাঁদের।
গতকাল শনিবার সিরিজের জন্য ছয় সদস্যের ধারাভাষ্য প্যানেল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেখানে আথারটন ও হুসেইনের নাম নেই। অথচ বিশ্ব ক্রিকেটের জনপ্রিয় এই দুই ধারাভাষ্যকার ইংল্যান্ডের প্রায় সব ম্যাচেই নিয়মিত থাকেন ধারাভাষ্যকক্ষে। ২০২৪ সালের অক্টোবরে ইংল্যান্ডের সর্বশেষ পাকিস্তান সফরে তিন টেস্টের সিরিজেও তাঁরা ছিলেন ধারাভাষ্য প্যানেলের গুরুত্বপূর্ণ সদস্য।
এবার তাঁদের বাদ পড়ার কারণ জানায়নি পিসিবি। তবে গত আগস্টে কারাবন্দী ইমরান খানের দুই ছেলে কাসিম ও সুলাইমান খানের সাক্ষাৎকার নেওয়াকে কেন্দ্র করে পাকিস্তানে যে বিতর্ক তৈরি হয়েছিল, তার সঙ্গে এ সিদ্ধান্তের কোনো সম্পর্ক আছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

বিতর্কের সূত্রপাত ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যকার লর্ডস টেস্টে। সে সময় স্কাই স্পোর্টস ইমরান খানের দুই ছেলের একটি সাক্ষাৎকার প্রচার করে। ১৮ মিনিটের সাক্ষাৎকারটি নিয়েছিলেন আথারটন। সেখানে কারাগারে ইমরানের শারীরিক অবস্থার অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন কাসিম ও সুলাইমান।
তাঁদের অভিযোগ ছিল, অবহেলা ও নিঃসঙ্গ অবস্থায় রেখে পাকিস্তানের কর্তৃপক্ষ তাঁদের বাবাকে ‘স্পষ্টতই মেরে ফেলার চেষ্টা করছে’।
সাক্ষাৎকারটি ভালোভাবে নেয়নি পিসিবি। ক্রিকেট সম্প্রচারে রাজনৈতিক বিষয় তুলে আনার অভিযোগে স্কাই স্পোর্টসের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানায় পাকিস্তানের ক্রিকেট বোর্ড। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠেছিল যে প্রতিবাদ হিসেবে পাকিস্তান দলকে মাঠে না নামানোর হুমকিও দেওয়া হয়েছিল বলে খবর প্রকাশিত হয়। এমনকি টেস্টের মধ্যাহ্নবিরতির পরের সেশনে পাকিস্তানি ক্রিকেটারদের মাঠে না পাঠানোর কথাও বিবেচনা করা হচ্ছিল।
তবে এসব চাপের মুখেও সাক্ষাৎকারটি প্রচার করে স্কাই স্পোর্টস। যদিও পাকিস্তানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম পিটিভি সাক্ষাৎকারটির সম্প্রচার আটকে দেয়।

পরে নাসের হুসেইনের সঙ্গে এক পডকাস্টে বিষয়টি নিয়ে কথা বলেন আথারটন। ইমরানের ছেলেদের সাক্ষাৎকার নেওয়ার সিদ্ধান্তের পক্ষেও যুক্তি দেন তিনি। আথারটনের অভিযোগ ছিল, পাকিস্তান রাষ্ট্র যেন ইমরান খানকে ‘অস্তিত্ব থেকেই প্রায় মুছে ফেলার চেষ্টা করছে’।
সেই বিতর্কের দুই মাস পর পাকিস্তানে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজের ধারাভাষ্য প্যানেলে নেই আথারটন ও হুসেইন। তবে তাঁদের অনুপস্থিতির সঙ্গে ওই সাক্ষাৎকারের সরাসরি কোনো সম্পর্ক আছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে গত আগস্টে আন্তর্জাতিক ক্রিকেটের ২১ জন সাবেক অধিনায়ক পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছে চিঠি পাঠিয়েছিলেন ইমরান খানের উন্নত চিকিৎসা ও মানবিক আচরণের দাবিতে। সেই ২২ জনের মধ্যেও ছিলেন আথারটন ও হুসেইন।
পিসিবি ঘোষিত ছয় সদস্যের ধারাভাষ্য প্যানেলে পাকিস্তানের সাবেক চার ক্রিকেটার ওয়াকার ইউনিস, আমির সোহেল, বাজিদ খান ও উরুজ মুমতাজ আছেন। তাঁদের সঙ্গে থাকছেন শ্রীলঙ্কার রোশান আবেসিংহে ও ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার মার্ক বুচার। উপস্থাপকের দায়িত্ব পালন করবেন জয়নব আব্বাস।
আজ পাকিস্তান ও শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে শুরু হয়েছে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ। তবে প্রথম ম্যাচে ধারাভাষ্যকক্ষে থাকছেন না ওয়াকার ইউনিস। ২০ অক্টোবর রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান ও ইংল্যান্ডের ম্যাচ দিয়ে ধারাভাষ্য শুরু করবেন তিনি। ২২ অক্টোবর রাওয়ালপিন্ডিতেই মুখোমুখি হবে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা।
এরপর টুর্নামেন্ট চলে যাবে লাহোরে। গাদ্দাফি স্টেডিয়ামে ২৫, ২৭ ও ২৯ অক্টোবর হবে লিগ পর্বের বাকি তিন ম্যাচ। একই মাঠে ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে ফাইনাল। লিগ পর্বের পয়েন্ট তালিকায় শীর্ষ দুই দল খেলবে শিরোপা নির্ধারণী ম্যাচে।
