ইরান মধ্যপ্রাচ্য ও এর বাইরে আমেরিকানদের লক্ষ্যবস্তু করার প্রচেষ্টা ‘উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে।’ যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা প্রধান জে ক্লেটন এই সতর্কবার্তা দিয়েছেন বলে শনিবার মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এ তথ্য জানিয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে পাঠানো একটি মেমোতে ক্লেটন বলেন, “আমরা গোয়েন্দা তথ্য পেয়েছি যে, মার্কিন কর্মীদের লক্ষ্যবস্তু করার প্রচেষ্টা ইরান উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিয়েছে।”
‘অ্যাক্সিওস’-এর প্রতিবেদনে প্রথম উঠে আসা ওই মেমোতে বলা হয়েছে, “মার্কিন নাগরিকদের বিরুদ্ধে ইরানের প্রাণঘাতী ষড়যন্ত্রের প্রচেষ্টা মধ্যপ্রাচ্য এবং আরও কিছু দেশে বেশ অগ্রসর পর্যায়ে পৌঁছেছে।”
জর্ডান, লেবানন, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত মার্কিন দূতাবাসগুলোতে কর্মী সংখ্যা কমানোর ঘোষণা দেওয়ার পরপরই এই মেমোটি সামনে আসে। বিষয়টি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা এপি -এর সাথে কথা বলা তিন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ইরান এবং ইয়েমেনে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের পক্ষ থেকে আসা হুমকিগুলোর কারণেই এই কর্মী সংখ্যা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে চলতি সপ্তাহের শুরুর দিকে, হুথি বিদ্রোহীদের ক্রমবর্ধমান হামলার পরিপ্রেক্ষিতে ওয়াশিংটন সৌদি আরবে অবস্থিত মার্কিন দূতাবাসগুলোর অপ্রয়োজনীয় কর্মী এবং তাদের পরিবারকে দেশটি ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছিল।
চলতি মাসে ইরান সমর্থিত গোষ্ঠীটির পক্ষ থেকে সৌদি আরবে প্রায় প্রতিদিনই হামলা চালানো হয়েছে; এর মধ্যে রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে চালানো একটি হামলা ছিল গত কয়েক বছরের মধ্যে দেশটিতে ঘটা সবচেয়ে প্রাণঘাতী ঘটনা।
ক্লেটন তার মেমোতে প্রস্তাব দিয়েছেন, গোয়েন্দা তথ্যের যতটা সম্ভব গোপনীয়তার স্তর কমিয়ে আনা হোক, যাতে রুবিও সেগুলো পররাষ্ট্র দপ্তরের কর্মীদের সঙ্গে আরো ব্যাপকভাবে শেয়ার করতে পারেন।
নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, মার্কিন কর্মকর্তাদের ভাষ্যমতে, মধ্যপ্রাচ্য ও আরো কয়েকটি দেশে অবস্থানরত আমেরিকানদের ওপর যে হুমকি রয়েছে, তা ফেব্রুয়ারি মাসে যুদ্ধ শুরুর পর থেকে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বলে মার্কিন সংস্থাগুলো মূল্যায়ন করেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার শীর্ষ সহযোগীরা নিয়মিত ব্রিফিং পাচ্ছেন। একজন মার্কিন কর্মকর্তা নিউ ইয়র্ক টাইমসকে জানিয়েছেন, গত তিন সপ্তাহ ধরে বিশ্লেষকরা রাষ্ট্রদূতসহ অন্যান্য মার্কিন কর্মকর্তাদের ওপর সম্ভাব্য হুমকি সংক্রান্ত গোয়েন্দা তথ্যগুলো খতিয়ে দেখছেন।
নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে আরো বলা হয়েছে, মার্কিন কর্মকর্তাদের মতে, গোয়েন্দা তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে ইরানের এজেন্ট বা অপারেটিভ থাকতে পারে এবং ইউরোপের বিভিন্ন স্থানও তাদের সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকায় থাকতে পারে। তবে অন্য একজন কর্মকর্তা জানিয়েছেন, বিদেশে হামলা চালানোর ক্ষেত্রে তেহরানের সক্ষমতা সীমিত এবং ইরানের উচ্চাকাঙ্ক্ষা তাদের প্রকৃত সক্ষমতার চেয়ে অনেক বেশি।
