উত্তর ও দক্ষিণ সিটিতে ১০টি করে কমিটি, প্রতিটি কমিটির সঙ্গে থাকবেন নির্বাহী ম্যাজিস্ট্রেট
নিজস্ব প্রতিবেদক
ঢাকা মহানগরীতে ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, খালের সীমানা নির্ধারণ ও পুনঃখনন এবং বৃক্ষরোপণ কার্যক্রম তদারকিতে ২০টি বিশেষ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন ২০টি জোনে এসব কমিটি কাজ করবে। এর মধ্যে দুই সিটি কর্পোরেশনে ১০টি করে কমিটি গঠন করা হবে।
রোববার স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম সভায় সভাপতিত্ব করেন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সভায় সিদ্ধান্ত অনুযায়ী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক পর্যায়ের কর্মকর্তারা জোনভিত্তিক কমিটিগুলোর নেতৃত্ব দেবেন। এসব কমিটিতে স্থানীয় সরকার বিভাগ, স্বাস্থ্যসেবা বিভাগ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, ঢাকা ওয়াসা, মেট্রোপলিটন পুলিশ এবং দুই সিটি কর্পোরেশনের প্রকৌশল, বর্জ্য ব্যবস্থাপনা, চিকিৎসা ও আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিরা থাকবেন। প্রতিটি কমিটির সঙ্গে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট যুক্ত রাখার সিদ্ধান্তও হয়েছে।
এদিকে, ২০টি জোনাল কমিটির কার্যক্রম পর্যবেক্ষণ, পরিচালনা ও সমন্বয়ের জন্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীকে আহ্বায়ক করে একটি উচ্চপর্যায়ের পর্যবেক্ষণ কমিটি গঠন করা হবে। এ কমিটিতে স্থানীয় সরকার বিভাগ, সিটি কর্পোরেশন, ঢাকা ওয়াসা, স্বাস্থ্যসেবা বিভাগ এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকবেন।
জোনাল কমিটিগুলো সরেজমিনে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, খালের সীমানা চিহ্নিতকরণ ও পুনঃখনন কার্যক্রম জোরদার এবং মশক নিধনে কার্যকর পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন নিশ্চিত করবে। পাশাপাশি বৃক্ষরোপণ কার্যক্রম তদারকির মাধ্যমে নগরীর পরিবেশ উন্নয়নেও কাজ করবে এসব কমিটি।
সভায় স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো. শহীদুল হাসানসহ প্রধানমন্ত্রীর কার্যালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, ঢাকা ওয়াসা এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

