নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত ৩০ জন যাত্রী।
মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে বড়াইগ্রাম উপজেলার নাটোর-পাবনা মহাসড়কের সরকারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, আরপি পরিবহনের একটি যাত্রীবাহী বাস নাটোর-পাবনা মহাসড়ক দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৯ জন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে ও চিকিৎসাধীন অবস্থায় আরও পাঁচজনের মৃত্যু হয়। এতে মোট নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে বনপাড়া হাইওয়ে থানা পুলিশ এবং নাটোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন।
ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্দুর রউফ ও বনপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন জানান, ঘটনাস্থল থেকে নয়জনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ছাড়া গুরুতর আহত অন্তত ৩০ জনকে উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিক, নাটোর আধুনিক সদর হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানাতে পারেনি প্রশাসন।
এমএমটি
-20261020050933.jpg&w=1440&q=75)