একসময় জামায়াতকে বাদ দিয়ে রাজনীতি করার চেষ্টা করা হয়েছিল, সেটার ফল কি হয়েছে জাতি দেখেছে। কাউকে বাদ দিয়ে রাজনীতি করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি একাংশের চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।
শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর গুলশানে জাতীয় পার্টির কার্যালয়ে উপজেলা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, দেশে সামগ্রিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় অন্তর্ভুক্তিমূলক রাজনীতির বিকল্প নেই। কোনো দল নির্ধারণ করবে না,কে রাজনীতি করবে, আর কে করবে না।নির্ধারণ করবে জনগণ।
তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে অর্থনৈতিক সংকট মোকাবিলা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করা জরুরি। এসব ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সরকারকে অন্তর্ভুক্তিমূলক রাজনীতির পরিবেশ সৃষ্টি করতে হবে।
জাতীয় পার্টির মহাসচিব ও সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিনিয়র কো-চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কাজী ফিরোজ রশীদ, নির্বাহী চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, সাহিদুর রহমান টেপা, মোস্তফা আল মাহমুদ ও সুনীল শুভ রায়, প্রেসিডিয়াম সদস্য বেগম নাসরিন জাহান রতনা, সোলায়মান আলম শেঠ, চেয়ারম্যানের বিশেষ দূত সরুর মাওলা, মো. জসিম উদ্দীন ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক নূরুল ইসলাম মিলন, বীর মুক্তিযোদ্ধা সরদার মো. শাহজাহান, ফখরুল আহসান শাহজাদা, আমানত হোসেন, মো. বেলাল হোসেন, ভাইস চেয়ারম্যান সাইফুদ্দিন আহমেদ শিপু, সেকান্দার আলী সেরনিয়াবাত, ডা. সেলিমা খান ও মাহমুদা রহমান মুন্নি।
