Published : 20 Oct 2026, 07:20 PM
Updated : 17 Oct 2026, 12:53 PM
সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকলেই দেখি আমার বয়সী কেউ ভালো ফল করেছে, কেউ ঘুরতে গেছে, আবার কেউ নিজের সাফল্যের গল্প শেয়ার করছে। এসব দেখে কখনো অনুপ্রেরণা পাই আবার কখনো মনে হয় অন্যরা অনেক এগিয়ে অথচ আমি পিছিয়ে আছি।
কিশোর বয়সে নিজের পরিচয় ও যোগ্যতা সম্পর্কে ধারণা তৈরি হয়। এ সময়ে সামাজিক মাধ্যমে অন্যের চেহারা, সাফল্য কিংবা জনপ্রিয়তার সঙ্গে নিজের তুলনা করলে নিজের প্রতি অসন্তুষ্টি তৈরি হতে পারে।
তবে সামাজিক মাধ্যমের সব অভিজ্ঞতা খারাপ নয়। এখান থেকে নতুন কিছু শেখা, নিজের প্রতিভা প্রকাশ করা এবং অন্যের সাফল্য থেকে অনুপ্রেরণা নেওয়া যায়। সমস্যা তৈরি হয় যখন অন্যের সাফল্যকে নিজের ব্যর্থতা মনে করি।
আমার মনে হয়, সামাজিক মাধ্যমে দেখা কয়েকটি ছবি বা ভিডিও দিয়ে কারও পুরো জীবনকে বিচার করা ঠিক নয়। আমরা সাধারণত অন্যের জীবনের সুন্দর মুহূর্তগুলোই বেশি দেখি। কিন্তু তাদের জীবনের সব বাধা, ব্যর্থতা কিংবা দুশ্চিন্তা আমাদের চোখে পড়ে না।
আমাদের প্রত্যেকের আগ্রহ, দক্ষতা ও এগিয়ে যাওয়ার পথ আলাদা। কেউ পড়াশোনায় ভালো, কেউ খেলাধুলায়, আবার কেউ লেখালেখি বা ছবি আঁকায় পারদর্শী। তাই অন্যের সঙ্গে তুলনা না করে নিজের দক্ষতা বাড়ানো ও নতুন কিছু শেখার দিকে মনোযোগ দেওয়া উচিত।
আমার মতে, সামাজিক মাধ্যম আমাদের জীবনের একটি অংশ, পুরো জীবন নয়। অন্যের মতো হওয়ার চাপে না থেকে নিজের সামর্থ্য অনুযায়ী এগিয়ে যাওয়ার চেষ্টা করা উচিত।
প্রতিবেদকের: ১৫। জেলা: কিশোরগঞ্জ।
