
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মতিন স্পিনিং মিলস পিএলসি ২০২৫-২৬ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদ প্রকাশ করেছে।
আলোচিত সময়ে বিনিয়োগকারীদের জন্য ৫৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি। এর মধ্যে ৪৫ শতাংশ নগদ এবং ১০ শতাংশ স্টক লভ্যাংশ বা বোনাস শেয়ার রয়েছে।
রোববার (১৮ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশের সুপারিশ করা হয়।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানির ঘোষণা অনুযায়ী, ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের বিপরীতে ৪ টাকা ৫০ পয়সা নগদ লভ্যাংশ পাবেন শেয়ারহোল্ডাররা। পাশাপাশি প্রতি ১০টি সাধারণ শেয়ারের বিপরীতে একটি বোনাস শেয়ার দেওয়ার সুপারিশ করা হয়েছে।
২০২৫-২৬ অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৩৬ পয়সা, যা আগের অর্থবছরে ছিল ৪ টাকা ৭০ পয়সা।
এদিকে, ২০২৬ সালের ৩০ জুন শেষে কোম্পানিটির পুনর্মূল্যায়ন উদ্বৃত্তসহ শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭০ টাকা ৬৯ পয়সা। আগের অর্থবছরে এ পরিমাণ ছিল ৬৯ টাকা ৮৯ পয়সা।
ঘোষিত লভ্যাংশের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১২ নভেম্বর। আর কোম্পানিটির ২৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১০ ডিসেম্বর সকাল সাড়ে ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে।
কোম্পানির পরিচালনা পর্ষদ জানিয়েছে, উৎপাদন আধুনিকায়ন এবং ব্লো রুমে অটো ব্লেন্ডিং ব্যবস্থা চালুর মাধ্যমে চলমান উৎপাদন সক্ষমতা সম্প্রসারণে অর্থায়নের লক্ষ্যে স্টক লভ্যাংশের সুপারিশ করা হয়েছে।
The post মতিন স্পিনিংয়ের লভ্যাংশ ঘোষণা appeared first on অর্থসূচক.
