ব্যাট হাতে মাঝারি সংগ্রহ গড়েও বল হাতে অসাধারণ খেলে জয় তুলে নিয়েছে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স। এনামুল হক জুনিয়রের দুর্দান্ত ৪ উইকেটে চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডে ভারতকে ৩ রানে হারিয়েছে টাইগার চ্যাম্পিয়ন্সরা। চলতি আসরে এটি বাংলাদেশের একমাত্র জয়। বাংলাদেশ চ্যাম্পিয়ন্স দলের অন্যতম স্পন্সর আইস্ক্রিন সব খেলা সরাসরি দেখাচ্ছে।শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে শুরুতে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত চ্যাম্পিয়ন্স। ব্যাটিংয়ে নেমে ভালো সূচনা করেন বাংলাদেশের দুই ওপেনার। দলীয় ৩০ রানে ৬ বলে ১০ করে আউট হন ইমরুল কয়েস। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশ।
একপ্রান্তে আগলে রেখে ২৫ বলে ৪০ রানের ঝড়ো ইনিংস খেলেন ওপেনার রনি তালুকদার। শেষদিকে নাসির হোসেন ২১ বলে ২৪ এবং আরাফাত সানির গুরুত্বপূর্ণ ৩৭ রানে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৪১ রানের লড়াকু পুঁজি পায় বাংলাদেশ।
ভারতের হয়ে ২৪ রানে ৩টি উইকেট নেন পীয়ূষ চাওলা।১৪২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় ভারত। কোন ব্যাটারই তেমন সুবিধা করতে পারেননি। ৫৫ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় দলটি। ঋষি ধাওয়ান ১৮ বলে ২৪ রানে বিপর্যয় থেকে উদ্ধারের চেষ্টা করেন। শেষদিকে পবন নেগি ও পীয়ূষ চাওলার আক্রমণাত্মক ব্যাটিংয়ে জয়ের স্বপ্ন দেখলেও ৩ রানে হারে যুবরাজ সিংয়ের দল।
বাংলাদেশের হয়ে তিন ওভারে ১২ রানে ৪ উইকেট তুলে নেন এনামুলের হক জুনিয়র। নিয়ন্ত্রিত বোলিং করে ২ উইকেট শিকার করেন পেসার আবু জায়েদ রাহী।
The post ভারতের বিপক্ষে রোমাঞ্চ ছড়ানো জয় বাংলাদেশ চ্যাম্পিয়ন্সের appeared first on Mohona Tv.
