কালবেলা · সাধারণ
নাটোরে ছাত্রদল নেতাকে কোপাল দুর্বৃত্তরা
১৫/১০/২০২৬

নাটোরের গুরুদাসপুরে শাকিল ইসলাম (২৩) নামে এক ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। বুধবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে গুরুদাসপুর পৌর শহরের চাঁচকৈড় বাজারপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
আহত শাকিল গুরুদাসপুর পৌর শহরের চাঁচকৈড় খোয়ারপাড়া গ্রামের রবিউল মিস্ত্রির ছেলে। তিনি গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন।
জানা গেছে, গুরুতর আহত অবস্থায় শাকিলকে উদ্ধার করে প্রথমে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক নওশিন জাহান বলেন, গুরুতর আহত অবস্থায় এক যুবককে হাসপাতালে আনা হয়েছিল। হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারাল অস্ত্রের আঘাত রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে ওই যুবককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হাসপাতালে শাকিল ইসলাম জানান, চাঁচকৈড় বাজার থেকে রাত ৯টার দিকে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন তিনি। পথে বাজারপাড়া এলাকার নুর অ্যাকাডেমির কাছে পৌঁছালে হেলমেট পরা দুই ব্যক্তি মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে গুলি করেন। গুলি থেকে বাঁচতে তিনি দৌড় দেন। গুলিটি গায়ে না লাগলেও দুর্বৃত্তরা তার পেছনে ধাওয়া দেন।
তিনি জানান, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুলাল সরকারের বাড়ির কাছে এলে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এ সময় তিনি মাটিতে লুটিয়ে পড়ে চিৎকার করছিলেন। চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসার আগেই মোটরসাইকেল নিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
এ খবর শুনে নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছুটে যান। সেখানে তিনি আহত শাকিলের সঙ্গে কথা বলেন। তিনি এ ঘটনায় জড়িত দুবৃর্ত্তদের অবিলম্বে শনাক্ত ও আটকের নির্দেশনা দেন পুলিশ প্রশাসনকে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। দুর্বৃত্তদের চিহ্নিত করতে পুলিশ এরই মধ্যে কাজ শুরু করেছে।
মূল প্রতিবেদনে যান ↗