প্রধানমন্ত্রীর নির্দেশে জন্ম থেকেই দুই হাতবিহীন নরসিংদীর সেই অদম্য শিক্ষক আলতাফ হোসেন দুখু মিয়ার পাশে দাঁড়িয়েছে নরসিংদী জেলা প্রশাসন। আজ সোমবার (১২ অক্টোবর) সকালে সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়নের নগর পাঁচদোনা গ্রামে প্রতিভা দুখু মিয়া কিন্ডারগার্টেন পরিদর্শন ও বিদ্যালয় শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটান নরসিংদীর জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া। এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার, সহকারী কমিশনার ভুমি সহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় জেলা প্রশাসক জানান, সম্প্রতি স্টার নিউজসহ দেশের বেশ কয়েকটি গণমাধ্যমে দুই হাতবিহীন শিক্ষক দুখু মিয়ার পাঠদান নিয়ে সংবাদ প্রচারিত হয়। বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এলে বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে নির্দেশনা দেয়া হয়। সরকারের তরফ থেকে ইতোমধ্যেই বিদ্যালয়টি নিবন্ধনসহ অবকাঠামো উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেয়া হয়।
এসময় জেলা প্রশাসক কিন্ডারগার্টেনটির ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, ওয়াটার পট, বিভিন্ন ক্রীড়া সামগ্রীসহ ১৪৫ জন শিক্ষার্থীর মাঝে বিভিন্ন ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন।
এদিকে ২০০৭ সালে নিজ উদ্যোগে প্রতিষ্ঠা করা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফ হোসেন দুখু মিয়া জানান, বর্তমান সরকার প্রধান আমার বিদ্যালয়টি সম্পর্কে জানতে পেরেছেন সেটা জানতে পেরে আমি আনন্দিত। আমার স্বপ্ন হচ্ছে এই কিন্ডারগার্টেনটিকে উচ্চ বিদ্যালয়ে রুপান্তরিত করা। আশা করছি সরকার ও প্রশাসনের সহায়তায় প্রতিভা দুখু মিয়া বিদ্যালয়টি সমৃদ্ধ হবে।
নিজের দুই হাত না থাকলেও থেমে নেই দুখু মিয়ার পাঠদান। পা দিয়েই ব্ল্যাকবোর্ডে লিখে প্রতিদিন শিশুদের পাঠদান করে যাচ্ছেন তিনি। বর্তমানে এই বিদ্যালয়টিতে শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ১৪৫ শিশু পড়াশোনা করছে।
১৯৬২ সালে জন্ম নেয়া আলতাফ হোসেন জন্ম থেকেই দুই হাতবিহীন। শৈশবেই পা দিয়ে লেখার অভ্যাস গড়ে তোলেন। বাবা পাতিলের কালি ও পানি মিশিয়ে কঞ্চি ও কলাপাতায় লেখার মাধ্যমে তাকে শেখান পা দিয়ে লিখতে। এরপর সেই পা দিয়েই মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও ডিগ্রি পাস করেন তিনি। শিক্ষাজীবন শেষ করে শুরু হয় কর্মসংস্থানের লড়াই। সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির জন্য আবেদন করেন চাকরির আশায় ঘুরেছেন তিনি। হতাশা তাকে থামাতে পারেনি তাকে বাবার দেয়া জমি বিক্রির টাকা যোগ করে ২০০৭ সালে নিজের পৈতৃক জমিতে প্রতিষ্ঠা করেন প্রতিভা দুখু মিয়া কিন্ডারগার্টেন।
