নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার দায়ের করা একটি হত্যা মামলায় আদালতে হাজিরা শেষে স্লোগান দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে সেলিনা হায়াৎ আইভী সশরীরে নারায়ণগঞ্জের দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদের আদালতে হাজির হন।
এদিন শুনানি শেষে গাড়িতে উঠানোর সময়ে নেতাকর্মী বেষ্টিত ছিলেন আইভী। এসময় তিনি বলেন, ‘জয় বাংলাকে দাবিয়ে রাখা যাবে না, জয় বাংলা’। তখন নেতাকর্মীরাও জয় বাংলা স্লোগান ধরেন।
বিজ্ঞাপন
এর আগে ২০২৪ সালের ২০ জুলাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় ডাচ-বাংলা ব্যাংকের সামনে গুলিতে রিকশাচালক তুহিন নিহত হন। নিহত তুহিনের স্ত্রী আলেয়া আক্তার মিম ২০২৪ সালের ১৩ সেপ্টেম্বর সিদ্ধিরগঞ্জ থানায় এই মামলাটি দায়ের করেন।
মামলাটিতে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে ১ নম্বর আসামি করা হয়েছে। আইভী হলেন ১১ নাম্বার আসামি।
বিজ্ঞাপন
অন্য আসামিদের মধ্যে রয়েছেন- গোলাম দস্তগীর গাজী, কায়সার হাসনাত, নজরুল ইসলাম বাবু, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান ও ভাতিজা আজমেরী ওসমান সহ ৯৯ জন। অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামি করা হয়েছে।
তুহিন হত্যা মামলায় উচ্চ আদালত থেকে জামিন নেন আইভী। ১৩ অক্টোবর নিম্ন আদালতে চূড়ান্ত প্রতিবেদনের শুনানি ও সাবেক মেয়র আইভীর পুনর্জামিনের জন্য দিন ধার্য ছিল। শুনানিকালে তার আইনজীবী পুনর্জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন বলেন, সিদ্ধিরগঞ্জের তুহিন হত্যা মামলার চূড়ান্ত প্রতিবেদনের শুনানি এবং মেয়র আইভীর পুনর্জামিনের দিন ধার্য ছিল। মামলার তদন্তকারী কর্মকর্তা বিস্ফোরক আইনে প্রতিবেদন দাখিল করলেও পিপি বিচারকে বাধাগ্রস্ত করতে না রাজি দিয়েছেন। আমরা বলেছি এটা আইনগত হয়নি। আমরা আদালতে পুর্নজামিনের আবেদন করি। আদালত আবেদন মঞ্জুর করেন।
বিজ্ঞাপন
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. আব্দুস সামাদ বলেন, সিদ্ধিরগঞ্জ থানা একটি মামলায় আইভীর পুনর্জামিনের জন্য দিন ধার্য ছিল। সেজন্য তিনি আদালতে এসেছিলেন। আদালতে তিনি কোনো বক্তব্য রাখেননি। তবে গাড়িতে উঠার সময় কয়েকজন আইনজীবী স্লোগান দিয়েছিলেন। পরে আমরা তাদের থামিয়ে দিয়েছি।
মোবাশ্বির শ্রাবণ/এনএইচআর/জেআইএম
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
