
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয় ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে। এ ছাড়া রাশিয়ার বাইরে রূপপুরই রোসাটমের প্রথম প্রকল্প, যেখানে অপারেটর তথ্য সহায়তা ব্যবস্থা বাস্তবায়ন করা হচ্ছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটমের স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা সরবরাহকারী প্রতিষ্ঠান রাসু এ প্রযুক্তি সরবরাহ করেছে। এতে ৪৩টি ব্যবস্থার অধীনে প্রায় ২০ হাজার যন্ত্রপাতি রয়েছে। এগুলোর মাধ্যমে চুল্লির স্থিতিশীলতাসহ প্রক্রিয়াসংশ্লিষ্ট সাত হাজারের বেশি পরিমাপক পর্যবেক্ষণ করা হবে। ফলে বিদ্যুৎকেন্দ্রের নিরাপদ ও দক্ষ পরিচালনা নিশ্চিত করতে সহায়তা মিলবে।
এ ব্যবস্থার আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হলো অপারেটর তথ্য সহায়তা ব্যবস্থা। বিদ্যুৎকেন্দ্রের ডিজিটাল প্রতিরূপ প্রযুক্তি ব্যবহার করে রাসু এটি তৈরি করেছে। প্রথম ইউনিটে ইতোমধ্যে ব্যবস্থাটি সংযুক্ত করা হয়েছে এবং এটি চালু করার প্রস্তুতিমূলক কার্যক্রমে অংশ নিচ্ছে। দ্বিতীয় ইউনিটেও একই ধরনের ব্যবস্থা স্থাপন করা হবে।
স্বয়ংক্রিয় বুদ্ধিমান নিয়ন্ত্রণব্যবস্থাটি ৩৬০টি প্রক্রিয়াসংশ্লিষ্ট ব্যবস্থা থেকে তথ্য বিশ্লেষণ করে সম্ভাব্য বিচ্যুতি শনাক্ত করে। পাশাপাশি জরুরি পরিস্থিতিতে করণীয় নির্দেশনাসহ ৮০টির বেশি নির্দেশিকার ভিত্তিতে পরিচালকদের প্রয়োজনীয় পরামর্শ দেয়। জটিল পরিচালনাসংক্রান্ত তথ্য সহজবোধ্যভাবে উপস্থাপনের মাধ্যমে এটি পরিচালকদের তথ্যভিত্তিক সিদ্ধান্ত নিতে এবং কার্যকরভাবে পরিস্থিতি মোকাবিলা করতে সহায়তা করে।
রোসাটমের মহাপরিচালক আলেক্সেই লিখাচেভ বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র শুধু রাশিয়া ও বাংলাদেশের মধ্যে সহযোগিতার বৃহত্তম প্রকল্পই নয়, আধুনিক স্বয়ংক্রিয়করণ ও নিয়ন্ত্রণ প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রেও এটি একটি অগ্রণী প্রকল্প। বিদেশে রোসাটমের নির্মিত কোনো বিদ্যুৎকেন্দ্রে এই প্রথম অপারেটর তথ্য সহায়তা ব্যবস্থা বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি আরও বলেন, এ ব্যবস্থা পরিস্থিতি মোকাবিলায় সাড়া দেওয়ার সময় কমাবে, পরিচালন ব্যয় হ্রাস করবে এবং নিয়ন্ত্রণকক্ষের কর্মীদের জন্য নির্ভরযোগ্য সহায়ক হিসেবে কাজ করবে।
তৃতীয় প্রজন্মের উন্নত প্রযুক্তির দুটি ভিভিইআর-১২০০ চুল্লি নিয়ে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ বাস্তবায়ন করছে রোসাটমের প্রকৌশল বিভাগ অ্যাটমস্ট্রয়এক্সপোর্ট।
অর্থসূচক/
The post রূপপুর বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন সম্পন্ন appeared first on অর্থসূচক.
