উটের প্রস্রাবের উপাদান থেকে তৈরি ওষুধে ক্যানসার সেরে যাবে—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবিকে নাকচ করেছে সৌদি আরব। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, আলোচনায় থাকা পণ্যটি ক্যানসারের ওষুধ নয়; বরং দৈনন্দিন পুষ্টির চাহিদা পূরণে সহায়তার জন্য এটি খাদ্যসম্পূরক হিসেবে নিবন্ধিত।
সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, উটের মূত্রের সক্রিয় উপাদান থেকে তৈরি ক্যানসারের ওষুধ অনুমোদনের খবর ছড়িয়ে পড়ার পর বিষয়টি স্পষ্ট করেছে সৌদি আরবের খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষ (এসএফডিএ)। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এ দাবিকে মিথ্যা বলেও জানিয়েছে সংস্থাটি।
এসএফডিএ তাদের এক্স অ্যাকাউন্টে দেওয়া বিবৃতিতে জানায়, আলোচনায় থাকা পণ্যটি ক্যানসারের চিকিৎসায় ব্যবহারের জন্য অনুমোদিত কোনো ওষুধ নয়। এটি খাদ্যসম্পূরক হিসেবে নিবন্ধিত হয়েছে।
কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, নিবন্ধিত পণ্যটিতে বিভিন্ন ধরনের ভিটামিন ও খনিজ উপাদানের মিশ্রণ রয়েছে। শরীরের দৈনন্দিন পুষ্টির চাহিদা পূরণে সহায়তা করাই এর উদ্দেশ্য।
এসএফডিএ আরও স্পষ্ট করেছে, পণ্যটির অনুমোদিত ব্যবহার কেবল খাদ্যসম্পূরক হিসেবে সীমাবদ্ধ। ক্যানসারসহ কোনো রোগের চিকিৎসায় এটি কার্যকর—এমন অনুমোদিত দাবি নেই।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, ক্যানসারের চিকিৎসায় ব্যবহারের জন্য পণ্যটিকে অনুমোদন দেওয়া হয়নি। এ বিষয়ে বিপরীত তথ্য দিয়ে প্রকাশিত প্রতিবেদনও নাকচ করেছে সংস্থাটি।
