নয়াদিল্লিতে সিজেপির কর্মসূচি: ৩২ হাজারের বেশি নিরাপত্তাকর্মী মোতায়েন
চ্যানেল আই অনলাইনপ্রকাশ:
ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) ‘জাতীয় পতাকা ওড়াও’ কর্মসূচি ঘিরে নয়াদিল্লিতে ৩২ হাজারের বেশি নিরাপত্তাকর্মী মোতায়েনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আজ শুক্রবার ১৬ অক্টোবর বিকেল পাঁচটায় রাজধানীর কনট প্লেসে এ কর্মসূচি পালনের কথা রয়েছে।
তবে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, বাছাই করা কয়েকজনকে উপযুক্ত কোনো স্থানে মিছিল করার অনুমতি দেওয়া হতে পারে।
শুক্রবার হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, কর্মসূচি ঘিরে কনট প্লেস ও মধ্য দিল্লিতে ছয় হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করবে দিল্লি পুলিশ। এর পাশাপাশি, গত এক সপ্তাহ ধরে রাজধানীতে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর (সিএপিএফ) প্রায় ২৬ হাজার সদস্য মোতায়েন রয়েছেন। সব মিলিয়ে শুক্রবার মধ্য দিল্লিতে প্রায় ৩২ হাজার নিরাপত্তাকর্মী দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সিজেপি এই কর্মসূচি পালন করছে।
গত ১০ অক্টোবরের বিক্ষোভ ঘিরে নয়াদিল্লি জেলায় প্রায় পাঁচ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছিল। এই জেলার আওতায় রয়েছে কনট প্লেস, রাজীব চক, সেন্ট্রাল পার্ক, আশপাশের মেট্রো স্টেশন, যন্তর মন্তর ও পালিকা বাজার।
মঙ্গলবার সকালে সিজেপির দুই জ্যেষ্ঠ নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা গ্রেপ্তার হওয়ার পর দলের আহ্বায়ক অভিজিৎ দিপক জাতীয় পতাকা নিয়ে মিছিলের কর্মসূচি ঘোষণা করেন। গত বুধবার সৌরভ ও আশুতোষকে পাঁচ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়।
এর আগে মঙ্গলবার সৌরভ, আশুতোষসহ কয়েকজন তালাবদ্ধ ফটক টপকে যন্তর মন্তরের বিক্ষোভস্থলে প্রবেশ করেন এবং সেখানে ভারতের জাতীয় পতাকা ওড়ান। স্থানটি আগে বিক্ষোভের জন্য নির্ধারিত থাকলেও পরে কর্তৃপক্ষ সেখানে বিক্ষোভের অনুমতি বাতিল করে। পুলিশ জানায়, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাঁদের আটক করা হয়েছিল।
বুধবার বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করার পর সৌরভ ও আশুতোষকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়। অন্যদের ছেড়ে দেওয়া হয়।
আজকের কর্মসূচিতে অভিজিৎ দিপকের অংশ নেওয়ার কথা রয়েছে। তবে গত বুধবার তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছিলেন, শুক্রবারের কর্মসূচি ঘিরে তাকেও গ্রেপ্তার করা হতে পারে।
কর্মসূচিতে বিভিন্ন ছাত্রসংগঠন, আন্দোলনকর্মী ও আম আদমি পার্টির (আপ) সদস্যদের যোগ দেওয়ার কথা রয়েছে।
দিল্লি পুলিশের উপকমিশনার ও জনসংযোগ কর্মকর্তা নেহা যাদব জানিয়েছেন, বড় মিছিলের অনুমতি দেওয়া হয়নি। কনট প্লেস ও আশপাশের এলাকায় জমায়েত এবং মিছিলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
