‘এমন নিম্নমানের কাজ করার চেয়ে রেলকোচ সংস্কারকাজ একেবারেই বন্ধ করে দেওয়া হোক’ নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায় রেলকোচের জানালা সংস্কারকাজের মান দেখে এভাবেই চরম ক্ষোভ প্রকাশ করেছেন সড়কমন্ত্রী শেখ রবিউল আলম।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে গিয়ে সংস্কারকাজের মান প্রত্যক্ষ করে অসন্তোষ প্রকাশ করেন তিনি। এ সময় কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) শাহ সুফি নূর মোহাম্মদকে উদ্দেশ্য করে কাজের মান নিয়ে প্রশ্ন তোলেন মন্ত্রী।
সংস্কারকাজের মান নিয়ে ক্ষোভ প্রকাশ করে শেখ রবিউল আলম বলেন, ‘এত বড় একটি কারখানায় রেলওয়ে কোচ সংস্কারকাজের মান এত নিম্নমানের, এখানে নিজে না এলে তা কোনোভাবেই বুঝতে পারতাম না। এ ধরনের কাজ দেখার পর এখানকার কর্মকর্তা ও শ্রমিকদের যোগ্যতা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন থেকে যায়।’
বিভাগীয় তত্ত্বাবধায়ককে উদ্দেশ করে মন্ত্রী আরও বলেন, ‘এখানে জানালার যেভাবে সংস্কার করা হচ্ছে, এর চেয়ে অনেক ভালো কাজ ছোটখাটো যেকোনো ওয়ার্কশপেও করা সম্ভব। আপনার নিজের বাড়ির জানালার সংস্কারকাজ হলে কি এভাবে অবহেলায় কাজ করতেন?’
পরিদর্শনকালে মন্ত্রী কারখানার বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। এ সময় যাত্রীসেবার মান বাড়াতে রেলকোচ সংস্কারকাজে ব্যবহৃত সামগ্রী ও কাজের গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দেন তিনি।
এ সময় মন্ত্রীর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এবং মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) হাবিবুল হাসান রুমি। আরও উপস্থিত ছিলেন সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক শাহ সুফি নূর মোহাম্মদ, কর্মব্যবস্থাপক এম মমতাজুল ইসলামসহ রেলপথ মন্ত্রণালয়, বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চল ও সৈয়দপুর রেলওয়ে কারখানার ঊর্ধ্বতন কর্মকর্তারা।
