চণ্ডীগড়, ২৩ অক্টোবর: একটি ঝামেলার ভিডিয়ো ছড়িয়েছিল সমাজমাধ্যমে। সেই ঘটনাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে তৈরি হয়েছিল বিবাদ। আর অনুমান তারই জেরে প্রাণ গেল একাদশ শ্রেণির এক পড়ুয়ার। চণ্ডীগড়ে ১৭ বছরের এক কিশোর নীতিকের গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় এমনই আশঙ্কা করছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় সেক্টর ২২-এ প্রকাশ্যে গুলি চালিয়ে ওই কিশোরকে খুনের অভিযোগ উঠেছে দুই বাইকআরোহীর বিরুদ্ধে। ঘটনার তদন্তে নেমে কয়েকজন সন্দেহভাজনকে ইতিমধ্যে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় একটি অটোতে চড়ে নীতিক তার গন্তব্যে যাচ্ছিল। সেই সময় দু'জন বাইকআরোহী তার অটোর কাছে এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিতে গুরুতর জখম হন ওই পড়ুয়া। ঘটনায় আরো এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে বলেও জানা গিয়েছে। নীতিককে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পরেই এলাকা ছেড়ে পালিয়ে যায় অভিযুক্তরা। তাদের বয়স কম এবং তারা নাবালক হতে পারে বলে পুলিশের প্রাথমিক অনুমান। অভিযুক্তদের খোঁজে তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যেই কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা।
পুলিশের প্রাথমিক অনুমান, সম্প্রতি দুই দল কিশোরের মধ্যে একটি ঝামেলা হয়েছিল। সেই ঘটনার ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে দেয় এক পক্ষ। ভিডিয়োটি প্রকাশ্যে আসার পর অন্য পক্ষ অপমানিত বোধ করে এবং প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করে থাকতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। তবে ঠিক কী কারণে নীতিককে নিশানা করা হয়েছিল, গুলিচালনার নেপথ্যে ব্যক্তিগত শত্রুতা ছিল কি না এবং এই ঘটনায় আর কারা জড়িত, তা এখনও স্পষ্ট নয়। সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ।
