ময়মনসিংহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যালয় খামারবাড়িতে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) মোস্তফা কামালকে হেনস্তা ও চড়-থাপ্পড় মারার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে হাসানুর জামান মিন্টু নামে এক ঠিকাদারের বিরুদ্ধে।
বুধবার (১৪ অক্টোবর) কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যালয়ে ই-টেন্ডারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন পিডি। এ ঘটনার কথোপকথনের ভিডিও এখন ভাইরাল।
ভিডিওতে দেখা যায়, ঠিকাদার হাসানুর জামান মিন্টু প্রকল্প পরিচালক মোস্তফা কামালের সামনে চেয়ারে বসে কথা বলছিলেন। এক পর্যায়ে ঠিকাদার মোবাইল ফোনে অপর একজনের সঙ্গে কথা বলা শেষ করেই পিডিকে হাত দিয়ে চড়-থাপ্পড় দেখান। এ সময় পিডি নিজেও চেয়ার থেকে উঠে ঠিকাদারের উপর চড়াও হন। তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করেন।
এ সময় পিডি বলেন, ছাত্রদল করে আসছি, এতো সহজ না। একপর্যায়ে অফিসে থাকা অপর একজন পিডিকে শান্ত থাকার অনুরোধ জানান।
পিডি সাংবাদিকদের নিকট অভিযোগ করেন, পছন্দের ব্যক্তিকে টেন্ডার দিতে চাপ দেওয়া হয় এবং একপর্যায়ে তাকে মারধরের হুমকি দেওয়া হয়।
তবে এ ব্যাপারে ঠিকাদারের বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে ভাইরাল হওয়া ভিডিওতে প্রকল্প পরিচালকের কথাবার্তা ও আচরণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা ও সমালোচনার ঝড় বইছে। পিডির কথাবার্তার ধরন নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন—একজন সরকারি কর্মকর্তার আচরণ ও ভাষা কি এমন হওয়া উচিত? সরকারি দায়িত্ব পালনকালে একজন কর্মকর্তার পেশাদারিত্ব, সংযম ও শালীনতা বজায় রাখা কতটা জরুরি, তা নিয়েও চলছে আলোচনা।