শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভোলাসহ উপকূলীয় অঞ্চলের ৩৭১টি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তায় কাজ করছে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন। পূজা নির্বিঘ্নে উদ্যাপন নিশ্চিত করতে ২৪ ঘণ্টা টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে ভোলা শহরের ওয়েস্টার্ন পাড়ার মিহির লাল সাহার সর্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কোস্ট গার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট কমান্ডার জামিলুর রহমান।
তিনি বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন ধর্মীয় উৎসবে নিরাপত্তা প্রদান, ধর্মীয় উপাসনালয় ও গুরুত্বপূর্ণ স্থাপনা সুরক্ষা এবং সাধারণ মানুষের জানমাল রক্ষায় দায়িত্ব পালন করছে কোস্ট গার্ড। দক্ষিণ জোনের আওতাধীন ভোলাসহ ছয় জেলার ১৮টি উপজেলার উপকূলীয় অঞ্চলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৩৭১টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে সদস্যরা কাজ করছেন।
জামিলুর রহমান আরও বলেন, পূজা চলাকালে দায়িত্বপূর্ণ এলাকায় যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় কোস্ট গার্ড সদস্যরা সার্বক্ষণিক নিয়োজিত থাকবেন। সনাতন ধর্মাবলম্বীরা যেন শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উৎসব উদ্যাপন করতে পারেন, সে জন্য গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম বাড়ানো হয়েছে।
তিনি জানান, প্রতিমা বিসর্জনের সময় সম্ভাব্য দুর্ঘটনা মোকাবিলায় কোস্ট গার্ডের বিশেষ ডুবুরি দল প্রস্তুত থাকবে। এ ছাড়া যেকোনো অপ্রীতিকর পরিস্থিতিতে সহায়তার জন্য কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগ করার আহ্বান জানান তিনি।
এমএস/
