সৌদিতে হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে পৌঁছেছে
বিমানবন্দরে মরদেহ গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী, পরিবারকে ৫০ হাজার টাকা অনুদান
নিজস্ব প্রতিবেদক
সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে গত ১০ অক্টোবরের হামলায় নিহত বাংলাদেশি শ্রমিক মো. শাহেদ আহমেদের মরদেহ দেশে পৌঁছেছে। শুক্রবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহটি পৌঁছালে তা গ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সকাল ৮টা ৩৫ মিনিটে মরদেহ বহনকারী উড়োজাহাজটি বিমানবন্দরে অবতরণ করে। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়সহ কয়েকটি মন্ত্রণালয়ের সমন্বিত প্রচেষ্টায় দ্রুত শাহেদের মরদেহ দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। তিনি বলেন, শাহেদ বগুড়ার শাজাহানপুর উপজেলার বাসিন্দা ছিলেন। তাঁর দুই সন্তান রয়েছে। মধ্যপ্রাচ্যে সংঘাত শুরুর পর এ পর্যন্ত ১০ জন প্রবাসীর মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়েছে। শাহেদ হলেন ১১তম। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শামা ওবায়েদ ইসলাম বলেন, প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে শাহেদের পরিবারকে ৫০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে। পাশাপাশি মরদেহটি গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে। সৌদি আরবে ৪০ লাখের বেশি বাংলাদেশি বসবাস করেন উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, দেশটিতে কোনো ঘটনা ঘটলে বাংলাদেশ সরকার গভীরভাবে উদ্বিগ্ন থাকে। সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে সরকারের উদ্যোগ সম্প্রতি সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, ওই দুই ব্যক্তির বিষয়ে সৌদি কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে বাংলাদেশ সরকার। তিনি বলেন, প্রতিটি দেশের নিজস্ব বিচারব্যবস্থা রয়েছে। আটক ব্যক্তিদের দেশে ফিরিয়ে আনতে বিভিন্ন প্রক্রিয়া অনুসরণ করতে হয়। সংশ্লিষ্ট ঘটনাটি ২০২৩ সালে ঘটেছিল বলেও উল্লেখ করেন তিনি। শামা ওবায়েদ ইসলাম জানান, বিশ্বের বিভিন্ন দেশে প্রায় ৭ হাজার ৫০০ বাংলাদেশি কারাগারে রয়েছেন। কোনো বাংলাদেশি নাগরিকের সাজা হওয়ার খবর পররাষ্ট্র মন্ত্রণালয় জানতে পারলে তাঁদের রক্ষার সম্ভাব্য উপায় খুঁজতে দ্রুত উদ্যোগ নেওয়া হয়। বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা সমাধানে সরকার কাজ করছে এবং সংশ্লিষ্ট দেশগুলোতে বাংলাদেশের মিশনগুলো সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে বলেও জানান তিনি। বিদেশ যাওয়ার আগে আইন জানার আহ্বান বিদেশে কর্মসংস্থানের উদ্দেশ্যে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের গন্তব্য দেশের আইন ও বিধিবিধান সম্পর্কে আগে থেকেই জানার আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বিদেশে কর্মী নিয়োগের ব্যয় প্রসঙ্গে তিনি বলেন, দালালদের কারণে অভিবাসী কর্মীদের বিদেশ যেতে খরচ বেড়ে যাচ্ছে। বিষয়টি খতিয়ে দেখতে প্রধানমন্ত্রী তাঁকে নির্দেশ দিয়েছেন। প্রবাসী কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা, বিদেশে আইনি জটিলতায় পড়া বাংলাদেশিদের সহায়তা এবং অভিবাসন ব্যয় কমানোর বিষয়ে সরকার কাজ করছে বলেও জানান প্রতিমন্ত্রী।
More News Of This Category


