প্রকাশিত: ১৫:২৮, ২১ অক্টোবর ২০২৬
ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বিজয়া দশমীর অন্যতম আকর্ষণ সিঁদুর খেলা। ছবি: রাইজিংবিডি
ময়মনসিংহে পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসবের আজ বিজয়া দশমী। বিষাদের মাঝে দেবী দুর্গাকে বিদায় জানাচ্ছেন ভক্তরা। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এ উৎসব। তাই দেবী দুর্গার বিদায়ের আগে মন্দিরে মন্দিরে চলছে সিঁদুর খেলা। দেবীকে সিঁদুর দিয়ে বরণের পর সিঁদুর খেলায় মেতে ওঠেন নারীরা
বুধবার দুপুরে নগরীর দুর্গাবাড়ী মন্দির, শিববাড়ী মন্দিরসহ প্রতিটি পূজামণ্ডপে দেবীর বরণ অনুষ্ঠান ও সিঁদুর খেলায় বিরাজ করে উৎসবমুখর পরিবেশ।
সিঁদুর খেলায় অংশ নেওয়া নারীরা জানান, সিঁদুর খেলার মূল উদ্দেশ্য হলো পরিবারের কল্যাণ সাধন এবং অশুভ শক্তি বিনাশ করে শুভ শক্তির জয় গান গাওয়া। দেবী দুর্গা যেন প্রতি বছর এমন শান্তি ও সমৃদ্ধি নিয়ে সবার মাঝে ফিরে আসেন, এই প্রার্থনা করেন তারা।
দুর্গাবাড়ী মন্দির পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে দেবী বরণের এ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সিঁদুর খেলা শেষে বিকেলে প্রতিমা শোভাযাত্রা ও সন্ধ্যায় নগরীর কাাঁচারীঘাট ব্রহ্মপুত্র নদে প্রতিমা বিসর্জনের মাধ্যমে সমাপ্তি ঘটবে শারদীয় দুর্গোৎসবের।
