যশোরের অভয়নগরের সিদ্ধিপাশা ইউনিয়নের রামনগর গ্রাম থেকে মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে আছিয়া বেগম (৭০) নামের এক বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
নিহত আছিয়া ঐ গ্রামের মৃত আবু দাউদ শেখের স্ত্রী।
স্থানীয়দের ধারণা , চোরেরা ঘরে ঢোকার পর আছিয়া তাঁদের চিনে ফেলার কারণে তাঁকে হত্যা করা হয়েছে।
নিহতের মেয়ে পান্না বলেন, বাবার মৃত্যুর পর মা ও খালা দুইজনে একই বাড়িতে বসবাস করতেন। সেই খালা তাঁর মেয়ের বাড়িতে বেড়াতে যাওয়ায় মা বাড়িতে একা ছিলেন। মঙ্গলবার সকালে প্রতিবেশীরা মাকে ডাকাডাকি করে সাড়াশব্দ না পেয়ে ঘরের ভেতরে খাটের ওপর মায়ের গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। ঘরের ভেতরের সবকিছু এলোমেলো হয়ে আছে। জমির দলিল, স্বর্ণালংকার ও নগদ টাকা কিছুই খুঁজে পাওয়া যাচ্ছে না।
এ ব্যাপারে অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান বলেন, নিজ ঘরের ভেতর থেকে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্তে পুলিশ কাজ শুরু করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
