শারদীয় দুর্গাপূজা সার্বিকভাবে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে যশোরের সীমান্ত এলাকা এবং শহরের পূজামণ্ডপগুলোতে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দক্ষিণ-পশ্চিম রিজিয়নের আওতাধীন মোট ২২২টি পূজামণ্ডপে প্রায় দুই হাজার বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) আওতাধীন সীমান্ত এলাকার ৮ কিলোমিটারের মধ্যে ২৯টি এবং যশোর শহরের ভেতরে ২০টি মণ্ডপে সার্বক্ষণিক টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
নিরাপত্তার সুবিধার্থে বিজিবি সদস্যরা ৫২টি অস্থায়ী বেইজ ক্যাম্প থেকে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং নিরাপত্তা নিশ্ছিদ্র রাখতে বিজিবির সাঁজোয়া যান (এপিসি) প্লাটুন ও ডগ স্কোয়াড (কে-নাইন) প্রস্তুত রাখা হয়েছে।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, কোনো সুযোগসন্ধানী বা দুষ্কৃতকারী যাতে পূজার পরিবেশ বিঘ্নিত করতে না পারে, সেজন্য বিজিবি আগে থেকেই সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। একই সঙ্গে পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।
তিনি আরও জানান, সীমান্ত এলাকা দিয়ে অনাকাঙ্ক্ষিত অনুপ্রবেশ, চোরাচালান কিংবা যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে সীমান্তবর্তী বিওপিগুলোতে বাড়তি জনবল বাড়ানো হয়েছে। এ ছাড়া সার্বিক তথ্য সংগ্রহ ও জরুরি সহায়তার জন্য ৪৯ বিজিবি সদর দপ্তরে বিশেষ মনিটরিং সেল চালু করা হয়েছে। স্থানীয় প্রশাসন, পুলিশ ও আনসার বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে নিরাপত্তা নিশ্চিত করছে বিজিবি।
