ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে কুষ্টিয়া সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে বুধবার দিনব্যাপী এ কর্মশালার অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়া জেলা সংবাদদাতা : কুষ্টিয়ায় শিশুদের হাম ও রুবেলা থেকে সুরক্ষা এবং রোগের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জনসচেতনতা বাড়াতে একদিনের বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে কুষ্টিয়া সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে বুধবার দিনব্যাপী এ কর্মশালার অনুষ্ঠিত হয়।
ইসলামিক ফাউন্ডেশন কুষ্টিয়ার উপ-পরিচালক হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন কুষ্টিয়া সদর উপজেলা সহকারী কমিশনার মনিরা আকতার, নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় ধর্মীয় নেতৃবৃন্দকে হাম-রুবেলার লক্ষণ, প্রতিরোধ ও টিকাদানের গুরুত্ব নিয়ে জনগণকে সচেতন করার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।
বিশেষভাবে গুরুত্বারোপ করা হয় যে, মসজিদের ইমাম ও খতিবরা ধর্মীয় আলোচনা ও জুমার খুতবার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে এই সচেতনতা ছড়িয়ে দিতে পারেন।
প্রশিক্ষণার্থী হাফেজ মাওলানা মাহবুবুর রহমান বলেন, “হাম-রুবেলা প্রতিরোধে করণীয় বিষয়গুলো প্রতি জুমার নামাজে যদি খতিবরা প্রচার করেন, তাহলে জনসচেতনতা বাড়ানো সহজ হয়। সেই লক্ষ্যেই ইসলামিক ফাউন্ডেশন এই উদ্যোগ নিয়েছে।”
নারী প্রশিক্ষণার্থী সোনালী খাতুন জানান, “এই কর্মশালার মাধ্যমে আমরা চাই, হাম ও রুবেলা টিকার অভাবে যেন কোনো শিশুর মৃত্যু না হয় এবং সমাজের সর্বস্তরের মানুষ এ বিষয়ে সচেতন হয়।” আরেক প্রশিক্ষণার্থী ফারুক হোসেন বিশ্বাস বলেন, “এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি মাঝে মাঝে নেওয়া হলে হাম-রুবেলাসহ মারণঘাতী রোগগুলো থেকে মানুষ পরিত্রাণ পাবে।”
কর্মশালায় অংশগ্রহণকারীরা শিশুদের সুস্থতা নিশ্চিত করতে অভিভাবকদের সচেতনতা, সময়মতো টিকাদান এবং স্বাস্থ্যবিষয়ক পরামর্শ অনুসরণের ওপর জোর দেন।
ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক আব্দুল হামিদ খান বলেন, “ইসলামিক ফাউন্ডেশন দেশের একটি বৃহৎ প্রতিষ্ঠান। এর আওতায় প্রায় সাড়ে তিন লাখ মসজিদ রয়েছে। এই মসজিদগুলোর মাধ্যমেই আমরা সরকারের গুরুত্বপূর্ণ বার্তা মানুষের কাছে পৌঁছে দিই। ইমাম ও খতিবরা প্রতি জুমায় এগুলো মুসল্লিদের কাছে পৌঁছে দেন। এভাবেই আমরা সরকারের উন্নয়ন কাজে সম্পৃক্ত থাকি।”
