ময়মনসিংহের ভালুকায় মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তারের পর পুলিশের ওপর হামলা চালিয়ে ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে তার স্বজনদের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশের দুই সদস্য আহত হয়েছেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে উপজেলার রাজৈ ইউনিয়নের সজনগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি আব্দুল কদ্দুসকে গ্রেপ্তার করতে তার গ্রামের বাড়ি সজনগাঁওয়ে অভিযান চালায় ভালুকা মডেল থানা-পুলিশ। এ সময় পুলিশ তাকে গ্রেপ্তার করলে তিনি জামিনে রয়েছেন বলে দাবি করেন। পুলিশ জামিনের কাগজপত্র দেখতে চাইলে তিনি টালবাহানা শুরু করেন।
একপর্যায়ে আব্দুল কদ্দুসের স্বজনরা পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন। পুলিশ বাধা দিলে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) রাহিদুল ইসলাম ও কনস্টেবল বাকিরুল আহত হন। পরে খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত দুই সদস্যকে উদ্ধার করেন। রাত ৯টার দিকে তাদের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এএসআই রাহিদুল ইসলামের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, ‘মাদক মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের দুই সদস্য হামলার শিকার হয়েছেন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ পাঠিয়ে তাদের উদ্ধার করা হয়। আহত দুজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।’
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান ওসি।
