যশোরের শার্শায় টাকা দ্বিগুণ বানিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে নগদ দুই লাখ ৭৬ হাজার টাকা ও প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
উপজেলার কায়বা ইউনিয়নের বাগুড়ী গ্রামের মাস্টারপাড়ায় বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হাবিবুর রহমান (৫০), একই জেলার বকুল হোসেন (৫০) ও শার্শা উপজেলার রামপুর গ্রামের রেজাউল হোসেন (৬০)।
বিজ্ঞাপন
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার একটি বিশেষ দল বাগুড়ী গ্রামের আক্কাস আলী মাস্টারের বাড়িতে অভিযান চালায়। বাড়িটির নিচতলার একটি কক্ষ থেকে তিনজনকে গ্রেফতার করা হয়। তারা ওই বাড়িতে ভাড়া থাকতেন। বিভিন্ন এলাকায় মানুষের সঙ্গে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
অভিযানে টাকা ছাড়াও তিনটি স্মার্টফোন, এক হাজার টাকার নোটের আকারের আটটি কাঁচের টুকরো, দুটি লালসালু কাপড়, দুটি লাল রঙের কাটিং সুতা ও একটি পুরোনো নীল হ্যান্ডব্যাগ জব্দ করা হয়।
বিজ্ঞাপন
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে প্রতারক চক্রের তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করে শুক্রবার বিকেলে যশোর আদালতে পাঠানো হয়। চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের অর্থ হাতিয়ে নিচ্ছিল বলে অভিযোগ রয়েছে। জব্দ করা কাচের টুকরো, লাল কাপড় ও সুতা প্রতারণার ফাঁদ হিসেবে ব্যবহার করা হতো। তারা মানুষকে বোঝাতো যে তাদের কাছে অল্প টাকা জমা দিলে কয়েক দিন পর তা দ্বিগুণ হয়ে যাবে।
মো. জামাল হোসেন/একিউএফ
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
