শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি।।
ঝিনাইদহের শৈলকুপায় গাছ থেকে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের পরিবারের মধ্যে বিরোধের জেরে মজিবুল খাঁ (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার বিকেল ৩টার দিকে উপজেলার ৬ নম্বর সারুটিয়া ইউনিয়নের ব্রম্মপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় অভিযুক্ত ছোট ভাই রবিউল খাঁর স্ত্রী নাজমা বেগমকে আটক করেছে পুলিশ। তবে রবিউল খাঁ পলাতক রয়েছেন।
স্থানীয় সাবেক ইউপি সদস্য সামছুল ইসলাম জানান, শুক্রবার সকালে মজিবুলের ছেলে বাড়ির গাছ থেকে কয়েকটি সুপারি পাড়েন। এ ঘটনাকে কেন্দ্র করে বড় ভাই মজিবুল ও ছোট ভাই রবিউলের পরিবারের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। শুক্রবার দিনভর তাদের মধ্যে ঝগড়া চলে। শনিবারও এ নিয়ে দুই পরিবারের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
একপর্যায়ে শনিবার বিকেল ৩টার দিকে দুই পরিবারের সদস্যরা লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়ান। এ সময় ছোট ভাই রবিউলের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল খাঁ ঘটনাস্থলেই নিহত হন বলে জানান সামছুল ইসলাম।
তবে ভিন্ন দাবি করেছেন রবিউল খাঁর স্ত্রী নাজমা বেগম। তার দাবি, মজিবুল খাঁ দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ ছিলেন। দুই ভাইয়ের হাতাহাতির মধ্যে অসুস্থ মজিবুলের হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়েছে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্যা বলেন, সারুটিয়া ইউনিয়নের ব্রম্মপুর গ্রামে দুই ভাইয়ের পারিবারিক বিরোধের জেরে মজিবুল খাঁর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার ছোট ভাইয়ের স্ত্রীকে আটক করা হয়েছে।
