বাইসাইকেলে ঘুরতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না মামা-ভাগিনার। ঠাকুরগাঁওয়ের হরিপুরে পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে দুই কিশোরের। গতকাল শনিবার উপজেলার আমগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার আমগাঁও গ্রামের আব্দুল ওহাব সরকারের ছেলে উমর আলী (১৫) এবং তার ভাগিনা মিরাজ (১৪)।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার দুপুরে বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয় মামা-ভাগিনা। কিন্তু বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলেও তারা না ফেরায় উদ্বিগ্ন হয়ে স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে রাতের আঁধারে স্থানীয় বড় পুকুর পাড়ে তাদের বাইসাইকেলটি পড়ে থাকতে দেখেন গ্রামবাসী। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে পুকুরে তল্লাশি শুরু করেন। তল্লাশির এক পর্যায়ে রাত ২টার দিকে একজনের এবং ভোরে আরেকজনের মরদেহ উদ্ধার করা হয়।
হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ জানান, ‘দুইজনের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কীভাবে তারা পানিতে পড়ল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।’
