২ তারকাকে ছেড়ে দিচ্ছে গুজরাট টাইটান্সছবি: Threads
Published on
:
2 min read
গতবার ফাইনালে উঠেও হারতে হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে। সেই ধাক্কা কাটিয়ে আসন্ন IPL-এ ঘুরে দাঁড়াতে মরিয়া গুজরাট টাইটান্স। তাই IPL 2027-এর আগে নতুন করে দল সাজাচ্ছে শুবমান গিলের নেতৃত্বাধীন এই টিম। এ বার প্রকাশ্যে এল নতুন আপডেট। IPL-এর মিনি অকশনের আগেই দুই তারকা ক্রিকেটারকে ছেড়ে দিচ্ছে গুজরাট। গত মরশুমে খারাপ পারফরম্যান্স ও চোটের জন্য খেলতে না পারায় কোপ পড়তে চলেছে এক ভারতীয় ক্রিকেটার এবং এক কিউয়ি অলরাউন্ডারের উপরে। কারা রয়েছেন সেই তালিকায়?
কারা বাদ পড়ছেন গুজরাট টাইটান্স দল থেকে?
একাধিক রিপোর্টে প্রকাশ, IPL 2027-এর জন্য আসন্ন মিনি নিলামের আগে ভারতীয় ক্রিকেটার শাহরুখ খানকে ছেড়ে দিতে পারে গুজরাট টাইটান্স। তালকায় আর একটি নাম নিউ জ়িল্যান্ডের তারকা অলরাউন্ডার গ্লেন ফিলিপসের। তাঁকেও ধরে রাখার পরিকল্পনা নেই GT-র। তবে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার কনর এস্টারহুইজ়েনকে ধরে রাখার সম্ভাবনা রয়েছে। অবশ্য, কোন ক্রিকেটারকে রাখা হবে আর কাদের ছেড়ে দেওয়া হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি।
কেন শাহরুখ খানকে ছেড়ে দিতে পারে গুজরাট?
মিডল অর্ডারে বড় শট খেলার ক্ষমতা এবং ফিনিশার হিসেবে দক্ষতার জন্য শাহরুখ খানকে দলে নিয়েছিল গুজরাট টাইটান্স। ২০২৪ সালের IPL-এর আগে ৭.৪ কোটি টাকা দিয়ে তাঁকে কিনেছিল এই ফ্র্যাঞ্চাইজ়ি। প্রথম দুই মরশুমে ভালো খেললেও ২০২৬ সালে প্রত্যাশা পূরণ করতে পারেননি এই ভারতীয় ক্রিকেটার। IPL 2026-এ নয়টি ম্যাচে মাত্র ৪৩ রান করেন শাহরুখ। তাঁর ব্যাটিং গড় ছিল ১০.৭৫, স্ট্রাইক রেট ১৩০.৩০। এমন হতাশাজনক পারফরম্যান্সের কারণে তাঁকে ছেড়ে দেওয়ার কথা ভাবছে গুজরাট।
টানা দুই মরশুমে প্রত্যাশা পূরণে ব্যর্থ গ্লেন ফিলিপস
শাহরুখের পাশাপাশি তারকা কিউয়ি ক্রিকেটার গ্লেন ফিলিপসকেও ছেড়ে দেওয়ার কথা ভাবছে গুজরাট, এমনটাই প্রকাশ একাধিক রিপোর্টে। ২০২৫ সালের নিলামে ২ কোটি টাকা দিয়ে তাঁকে দলে নিয়েছিল GT। ব্যাটিং, বোলিংয়ের পাশাপাশি দুর্দান্ত ফিল্ডিংয়ের জন্যও পরিচিত ফিলিপস।
কিন্তু চোটের কারণে ২০২৫ সালের পুরো IPL থেকেই ছিটকে যান তিনি। একটাও ম্যাচ খেলেননি গুজরাটের হয়ে। ২০২৬ সালের ফিরলেও খুব একটা প্রভাব ফেলতে পারেননি ফিলিপস। পাঁচ ম্যাচে মাত্র ৬৭ রান করেন। স্ট্রাইক রেট ছিল ১২৪.০৭। বল হাতেও কোনও উইকেট পাননি। তাই ফিলিপসকে ছেড়ে দেওয়ার কথা ভাবছে গুজরাট।
