হেমন্তের শুরুতেই উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের তেতুলিয়া থেকে খালি চোখে দেখা মিলছে হিমালয়ের পর্বত শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য। ভোরের প্রথম আলো কখনো লাল কখনো গোলাপি আবার কখনো শুভ সাদা বরফে মোড়ানো রূপ ধরা দিচ্ছে এই পর্বত চূড়া। মুগ্ধতা ছড়ানো এ দৃশ্য উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন নানা বয়সী প্রকৃতি প্রেমীরা। গত কয়েকদিন ধরে উত্তরের এই জেলায় দেখা মিলছে হিমালয়ের এই পর্বত শৃঙ্গের। মেঘমুক্ত আকাশ থাকার কারণে চোখের সামনে জ্বল জ্বল করছে এই পর্বত।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জেলার তেঁতুলিয়া উপজেলার ডাকবাংলোতে কাঞ্চনজঙ্ঘা দেখতে ভিড় করছেন আগত পর্যটকরা। ইতোমধ্যে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত উপজেলার সকল সরকারি বেসরকারি আবাসিক হোটেল ও রিসোর্ট বুকিং হয়েছে।
স্থানীয় ও পরিবেশকর্মীরা বলছেন, হেমন্তের এই সময়ে পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে তুলনামূলক স্পষ্ট দেখা মেলে কাঞ্চনজঙ্ঘার। আকাশ পরিস্কার থাকলে ভোরের আলোয় সবচেয়ে বেশি সৌন্দর্য ফুটে উঠে এবং উপভোগ করা যায় এই পর্বত শৃঙ্গের। তবে আবহাওয়া ও মেঘের লুকোচুরি খেলার কারণে সব দিন সমানভাবে দেখা মেলে না।
হিমালয়ের বরফ ঢাকা এই পর্বতচূড়া দেখতে ভিসা করে যাদের ভারত বা নেপালে যাওয়ার সৌভাগ্য হয় না তারা এই সময় দেশের মাটিতে পাসপোর্ট ভিসা ছাড়া মেঘমুক্ত আকাশে কাঞ্চনজঙ্ঘার মায়াবী সৌন্দর্য উপভোগ করেন। হেমন্তের নির্মল আকাশ বাতাস প্রকৃতির এই অপার বিস্ময়ই এখন টানছে প্রকৃতি প্রেমীদের।

এদিকে কয়েকদিন অপেক্ষার পর কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়ায় আনন্দে আত্মহারা দর্শনার্থীরা। কেউ মুঠোফোনে ছবি তুলছেন, কেউবা ক্যামেরায় ধারণ করছেন হিমালয়ের এই অপরূপ দৃশ্য। শুধু পঞ্চগড় নয় দেশের বিভিন্ন জেলা থেকে পরিবার পরিজন ও বন্ধুদের নিয়ে ছুটে আসছেন অনেকই। কাঞ্চনজঙ্ঘাকে ঘিরে পর্যটকদের আনাগোনায় প্রাণ চাঞ্চল্য ফিরেছে তেঁতুলিয়ার বিভিন্ন পর্যটন স্পটে।
বিশেষ করে ডাকবাংলো ও মহানন্দা নদীর তীর এলাকায় ভিড় করছেন দর্শনার্থীরা।
এ বিষয়ে কথা হয় ঢাকা থেকে ঘুরতে আসা সিয়ামের সাথে, তিনি বলেন কাঞ্চনজঙ্ঘা দেখার জন্যই দুদিন ধরে তেঁতুলিয়ায় এসে অবস্থান করছি৷ গত পাঁচ বছর এসেও কাঞ্চনজঙ্ঘা দেখতে পারিনি। আজ ঘুম থেকে উঠে ভোরবেলা থেকেই কাঞ্চনজঙ্ঘার অপরিসীম সৌন্দর্য উপভোগ করছি। আসলে এটি অসাধারণ দেখতে।
ছোট্ট শিশু আয়েশা বিনতে জানান, আব্বু আম্মুর সাথে তেঁতুলিয়ায় এসে একটা পাহাড় দেখেছি পাহাড়টি দেখতে অনেক সুন্দর। সূর্যের আলোয় কখনো লাল কখনো সাদা দেখায়। অনেক ভালো লাগছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, আকাশ মেঘমুক্ত থাকলে কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য তেঁতুলিয়া থেকে দেখা যায়। মূলত কাঞ্চনজঙ্ঘা দেখা যায় আবহাওয়ার উপর ভিত্তি করে। তাই কাঞ্চনজঙ্ঘা দেখতে আসা পর্যটকদের আবহাওয়ার পূর্বাভাস জেনে ভ্রমণের পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা।
তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার হোসেন বলেন, পর্যটকদের নিরাপত্তা, যাতায়াত ও থাকার সার্বিক ব্যবস্থাপনায় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহণের পাশাপাশি টুরিস্ট পুলিশ ও স্থানীয় প্রশাসন কাজ করছে সব ধরনের নিরাপত্তার স্বার্থে। আগামীতে তেঁতুলিয়ার পর্যটন বিকাশে আরো নতুন নতুন উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।
