মহালয়ার অনুষ্ঠানে ধুনুচি নাচের পরিবেশনা ঘিরে সামাজিক মাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন টালিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। তার নাচের ভঙ্গি ও অভিব্যক্তি নিয়ে নানা মন্তব্যের মধ্যেই বন্ধুর পারফরম্যান্স সম্পর্কে নিজের মত জানিয়েছেন অভিনেত্রী ইন্দ্রাণী হালদার। নাচটি তার ভালো না লাগলেও, ঋতুপর্ণার দক্ষতা ও ব্যক্তিত্বের প্রশংসা করেছেন তিনি। একইসঙ্গে, পরিবেশনার কোরিওগ্রাফি নিয়ে প্রশ্ন তুলে জানিয়েছেন, সমালোচনার দায় পুরোপুরি ঋতুপর্ণার ওপর চাপানো ঠিক হবে না।
‘নাচটা আমার ব্যক্তিগতভাবে ভালো লাগেনি’
এক সাক্ষাৎকারে ঋতুপর্ণার নাচ নিয়ে কথা বলতে গিয়ে ইন্দ্রাণী বলেন, “ঋতু আমার খুব প্রিয়, খুব ভালো বন্ধু। নাচটা আমার ব্যক্তিগতভাবে খুব একটা ভালো লাগেনি। ও ওরকম নাচ না করলেই পারত। ও কিন্তু খুব সুন্দর ডান্সার। তবে, এই নাচের কোরিওগ্রাফিটা আমার পছন্দ হয়নি। এখানে ঋতুর খুব একটা দোষ নেই, দোষ কোরিওগ্রাফারের। যদিও ঋতুর সেই জায়গা আছে, ও কোরিওগ্রাফারকে বলতে পারত যে এই নাচটা খুব উগ্র মনে হচ্ছে, অন্যরকম কিছু করো। ঋতু আসলে বড্ড বেশি ভালো মানুষ, তাই মুখ ফুটে সেরকম কিছু বলে না। আমার মনে হয় এই ঘটনার পর ও সচেতন হবে, যে যা বলবে তাই চোখ বন্ধ করে করবে না।”
ইন্দ্রাণীর বক্তব্যে স্পষ্ট, বন্ধুর পরিবেশনা তার পছন্দ না হলেও ঋতুপর্ণার নাচের দক্ষতা নিয়ে তার সংশয় নেই। বরং কোরিওগ্রাফি নির্বাচনের ক্ষেত্রে আরো সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। তার মতে, শিল্পীর নিজেরও পছন্দ-অপছন্দ প্রকাশ করার সুযোগ থাকা উচিত।
ঋতুপর্ণার পরিশ্রম ও মানসিকতার প্রশংসা
নাচের সমালোচনায় থেমে থাকেননি ইন্দ্রাণী। দীর্ঘদিন ধরে টালিউডে নিজের অবস্থান ধরে রাখার জন্য ঋতুপর্ণার পরিশ্রম ও মানসিক শক্তির প্রশংসাও করেছেন তিনি। ইন্দ্রাণী বলেন, “ইন্ডাস্ট্রিতে এত বছর ধরে নিজের জায়গাটা এভাবে ধরে রাখা চারটে খানি কথা নয় ভাই, এর জন্য দম লাগে! অসম্ভব খাটিয়ে এবং বড় মনের মানুষ ও। ওকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় এত ট্রোল হচ্ছে—ওর এটা নেই, ওটা নেই, কিন্তু ও কোনো পরোয়াই করছে না! ট্রোলিংকে যেভাবে ও উপেক্ষা করে, আমি নিজেও ওর থেকে এটা শিখি।”
অর্থাৎ, সামাজিক মাধ্যমে কটাক্ষের মুখেও ঋতুপর্ণার স্থির থাকার ক্ষমতাকে ইতিবাচকভাবে দেখছেন তার সহকর্মী। ইন্দ্রাণীর ভাষ্যে, অভিনেত্রীর কাছ থেকে ট্রোলিং উপেক্ষা করার শিক্ষাও নেওয়ার আছে।
ট্রোলিং নিয়ে কী বললেন ঋতুপর্ণা?
নিজের নাচ নিয়ে সামাজিক মাধ্যমে চলা সমালোচনার জবাবও দিয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। তার ভাষায়, ‘কে কী বলল তাতে আমার কিচ্ছু যায় আসে না। কুছ তো লোগ কহেঙ্গে…’।
ঋতুপর্ণার এই মন্তব্যে বোঝা যায়, সমালোচনাকে গুরুত্ব দিয়ে নিজের কাজের প্রতি মনোযোগ হারাতে চান না তিনি। মহালয়ার অনুষ্ঠানের পরিবেশনা নিয়ে বিতর্ক চললেও নিজের অবস্থানে অনড় অভিনেত্রী। অন্যদিকে, নাচ পছন্দ না হওয়ার কথা স্পষ্টভাবে জানিয়েও ইন্দ্রাণী মনে করিয়ে দিয়েছেন, একটি পরিবেশনা দিয়ে ঋতুপর্ণার সামগ্রিক নৃত্যদক্ষতা বা দীর্ঘদিনের পরিশ্রমকে বিচার করা যায় না।
