Published on
:
1 min read
এই সময়, নয়াদিল্লি: দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিয়োগ এবং জাতীয় নির্বাচন কমিশনের কর্মপদ্ধতিকে চ্যালেঞ্জ জানিয়ে এ বার সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল৷ দলের তরফে শীর্ষ আদালতে মামলা করেছেন রাজ্যসভার সাংসদ দোলা সেন৷ মুখ্য নির্বাচন কমিশনারের নিয়োগকে চ্যালেঞ্জ জানানোর পাশাপাশি দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক যোশীকেও সংযুক্ত করা হয়েছে৷ ২০২৩–এর নতুন আইন অনুযায়ী নির্বাচন কমিশনার নিয়োগের দায়িত্বপ্রাপ্ত উচ্চ পর্যায়ের কমিটিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পরিবর্তে কেন্দ্রীয় মন্ত্রিসভার এক সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়।
সেই সিদ্ধান্তকেও চ্যালেঞ্জ জানানো হয়েছে এই মামলায়৷ এর আগে জ্ঞানেশের বিরুদ্ধে মামলা করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী–সহ ‘ইন্ডিয়া’–র শীর্ষ নেতৃত্বও৷ ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (সার) পর্বে জ্ঞানেশের ভূমিকাকে কাঠগড়ায় তুলে দায়ের করা এই মামলার আবেদনকারীদের মধ্যে আছেন কালীঘাট তৃণমূলের সদস্য সৌগত রায়৷ ওই মামলাতেও নির্বাচন কমিশনের কর্মপদ্ধতি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে৷ ওই মামলায় নোটিস জারি করে কেন্দ্রীয় সরকার, নির্বাচন কমিশন এবং মুখ্য নির্বাচন কমিশনারের জবাব তলব করেছে শীর্ষ আদালত৷
এ দিকে, আইনজীবী বিশাল তিওয়ারি আবার শীর্ষ আদালতে দায়ের একটি জনস্বার্থ মামলায় দাবি করেছেন—সুপ্রিম কোর্টেরই কোনও প্রাক্তন বিচারপতির নেতৃত্বাধীন বিশেষজ্ঞ কমিটি গঠন করে জাতীয় নির্বাচন কমিশনের কর্মপদ্ধতি এবং প্রাতিষ্ঠানিক ত্রুটি খতিয়ে দেখা হোক৷ তিওয়ারির আরও দাবি, ভোটের মরশুমে যাবতীয় ধর্মীয় প্রচার, উস্কানিমূলক মন্তব্যে পুরোপুরি রাশ টানা হোক৷
