প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে মানববন্ধন করে চাকরিতে পুনর্বহালের দাবি জানানোর ঘোষণা দিয়েছে চাকরিচ্যুত ব্যাংকাররা। মঙ্গলবার বিকেল ৪টায় জামালখানে এ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে তাদের সংগঠন ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক অধিকার।
ফোরামের সদস্যসচিব ইমরান উদ্দীনের পাঠানো এক বার্তায় এ কর্মসূচির কথা জানানো হয়।
মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখান থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে লালখান বাজার, কাজীর দেউড়ি ও জামালখান দিয়ে রহমতগঞ্জের জে এম সেন হলের পূজামণ্ডপে যাবেন তিনি।
প্রধানমন্ত্রীর এ সফর ঘিরে নিজেদের দাবির প্রতি তাঁর দৃষ্টি আকর্ষণ করতে চান ফোরামের সদস্যরা।
বার্তায় বলা হয়, ইসলামী ব্যাংকের তিন কোটি গ্রাহকের স্বার্থ রক্ষার পাশাপাশি চাকরিচ্যুত ১০ হাজার ব্যাংকারকে পুনর্বহালের বিষয়ে প্রধানমন্ত্রীর সুস্পষ্ট ঘোষণা চান তাঁরা।
চাকরিচ্যুত ব্যাংকাররা কবে থেকে নিজ নিজ কর্মস্থলে ফিরতে পারবেন, সে বিষয়ে নির্দিষ্ট সময়সীমা ঘোষণারও দাবি জানিয়েছে ফোরাম। একই সঙ্গে সম্মানের সঙ্গে কর্মস্থলে ফেরার বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যে সুস্পষ্ট দিকনির্দেশনা প্রত্যাশা করছে সংগঠনটি।
প্রধানমন্ত্রীর প্রতি আস্থা ও বিশ্বাসের কথা জানিয়ে বার্তায় বলা হয়, দাবিগুলোর বিষয়ে সরকার ইতিবাচক পদক্ষেপ নেবে বলে আশা করছেন গ্রাহকরা।প্রধানমন্ত্রীকে চট্টগ্রামে স্বাগত জানিয়ে শান্তিপূর্ণভাবে দাবিগুলো তুলে ধরতে চান ফোরামের সদস্যরা। এ জন্য ইসলামী ব্যাংকের গ্রাহক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মঙ্গলবার বিকাল ৪টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন ইমরান উদ্দীন।
The post প্রধানমন্ত্রীর চলার পথে মানববন্ধনের ঘোষণা চাকরিচ্যুত ব্যাংকারদের appeared first on সুপ্রভাত বাংলাদেশ.
