শাহরুখের জন্মদিনেই আসছে ‘কিং’-এর টিজার
চ্যানেল আই অনলাইনপ্রকাশ:

বলিউডে শাহরুখ খানের জন্মদিন মানেই ভক্তদের জন্য নতুন চমক। এবারও যেন তার ব্যতিক্রম হচ্ছে না। কেননা, আগামী ২ নভেম্বর শাহরুখের জন্মদিনেই তার বহুল প্রতিক্ষীত সিনেমা ‘কিং’-এর টিজার প্রকাশের পরিকল্পনা করেছেন নির্মাতা সিদ্ধার্থ আনন্দ।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘কিং’ সিনেমার টিজার দিয়েই বিশ্বজুড়ে ছবিটির প্রচার শুরু করতে চান নির্মাতারা।
টিজারে শাহরুখকে নতুন এক লুকে দেখা যাবে বলে দাবি করেছেন সংশ্লিষ্ট সূত্র। বড় পরিসরের অ্যাকশন দৃশ্য, সংলাপ ও সংগীতের সমন্বয়ে দর্শকদের জন্য ভিন্নধর্মী অভিজ্ঞতা তৈরির পরিকল্পনা রয়েছে নির্মাতাদের।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর পর আবারও বড় পর্দায় অ্যাকশনধর্মী চরিত্রে দেখা যাবে শাহরুখকে। সিনেমাটির নির্মাণ ব্যয় প্রায় ৪৫০ কোটি রুপি ব্যয় হয়েছে বলে শোনা যাচ্ছে।
ছবিটিতে বিশেষ উপস্থিতিতে দেখা যেতে পারে কারিনা কাপুরকে। শাহরুখের সঙ্গে ‘ড্যাডি কুল’ শিরোনামের একটি গানে তাকে নাচতে দেখা যাবে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। এ গানের শুটিংয়ের জন্য এ মাসেই দক্ষিণ আফ্রিকায় যাওয়ার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের।
রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্সের প্রযোজনায় নির্মিত ‘কিং’ মুক্তি পাওয়ার কথা আগামী ২৪ ডিসেম্বর।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…