সাদ-সোহেলের নাইট ক্লাব বিতর্ক, তদন্ত করবে বাফুফে
চ্যানেল আই অনলাইনপ্রকাশ:
ফিফা আসিয়ান কাপে ইন্দোনেশিয়ার কাছে ৯ গোলের হারের পর নতুন বিতর্কের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ফুটবল দল। জাতীয় দলের দুই ফুটবলার সাদ উদ্দিন ও সোহেল রানার নাইট ক্লাবে যাওয়ার ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। বিষয়টি নিয়ে সমালোচনার মধ্যে তদন্তের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। অভিযোগ খতিয়ে দেখে পরবর্তী করণীয় নির্ধারণ করবেন ফেডারেশন সভাপতি ও জাতীয় দল কমিটির চেয়ারম্যান তাবিথ আউয়াল।
সোমবার ফর্টিজ ডাউনটাউনে জাতীয় দল কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তাবিথ। ফুটবলারদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘কিছু ফুটবলারের নামে অভিযোগ এসেছে। ফেসবুকেও ছবি এসেছে। এই ইস্যুটা আমি তদন্ত করব। ফুটবলারদের সঙ্গে আমি বসব এবং পরবর্তী পদক্ষেপ কী নেওয়া যায়, কমিটিকে আমি তা সুপারিশ করব।’
শুধু নাইট ক্লাব বিতর্কই নয়, জাতীয় দলের খেলোয়াড়দের অফ সিজনে বিভিন্ন জায়গায় খেপ খেলতে যাওয়ার বিষয়টিও উঠেছে সভায়। আগে টাঙ্গাইনে কয়েকজন ফুটবলারের খেলার বিষয়টি সামনে এলেও তখন সেটি উপেক্ষা করা হয়েছিল বলে জানান বাফুফে সভাপতি। এবার বিষয়টি খতিয়ে দেখার পাশাপাশি খেলোয়াড়দের কাউন্সেলিংয়ের পরিকল্পনাও রয়েছে তাদের।
তাবিথ বলেন, ‘এর আগে কয়েকজন খেলোয়াড় টাঙ্গাইলে খেলেছিল। আমরা ওই সময় ওটা ওভারলুক করেছিলাম। কিন্তু আমরা এখন মনে করছি, সেটাও দেখা দরকার। তাদের কাউন্সেলিং করতে চাই।’
আসিয়ান কাপে বাংলাদেশের হতাশাজনক পারফরম্যান্স নিয়েও আলোচনা হয়েছে জাতীয় দল কমিটির সভায়। ফুটবলার থেকে শুরু করে কোচিং স্টাফ ও ফেডারেশনের ব্যবস্থাপনায় থাকা সংশ্লিষ্ট ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনার কথা জানিয়েছেন তাবিথ।
বলেছেন, ‘আমরা আসিয়ান কাপ নিয়ে প্রতিটি বিভাগকে জবাবদিহিতার আওতায় এনেছি। আমি নিজেও কমিটির কাছে জবাবদিহি করি। আমরা খেলোয়াড়দের ব্যাপারেও সিদ্ধান্ত নিয়েছি। যারা বাফুফের পক্ষ থেকে ম্যানেজমেন্টে ছিলেন, তাদের ব্যক্তিগতভাবে আমরা প্রশ্ন করেছি।’
জাতীয় দলের ভবিষ্যৎ পরিকল্পনায় প্রবাসী ফুটবলারদের খুঁজে বের করার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। বিশেষ করে ইংল্যান্ডে বেড়ে ওঠা ১৪ থেকে ১৭ বছর বয়সী খেলোয়াড়দের নিয়ে বছরে দুটি ক্যাম্প ও টুর্নামেন্ট আয়োজন করতে চায় বাফুফে। এ কাজে ফর্টিজের চেয়ারম্যান শাহাদাত ও ফেডারেশনের আন্তর্জাতিক কমিটির সাত্তারকে দায়িত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে। ইংল্যান্ডের পাশাপাশি ইউরোপের অন্যান্য দেশেও প্রতিভা অন্বেষণ করা হবে।
এ ছাড়া অনূর্ধ্ব-২০ দলকে ভবিষ্যৎ জাতীয় দল হিসেবে গড়ে তুলতে ফিফা উইন্ডোতে ম্যাচ খেলার সুযোগ করে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। বয়সভিত্তিক দলটির জন্য দেশে ও বিদেশে ম্যাচ আয়োজনের বিষয়েও আলোচনা হয়েছে সভায়।
আগামী ৪ নভেম্বর ঢাকায় শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপ। এই টুর্নামেন্ট সামনে রেখে ২৫ অক্টোবর থেকে জাতীয় দলের ক্যাম্প শুরু করার পরিকল্পনা রয়েছে। তবে ৯ নভেম্বর থেকে ফিফা উইন্ডো শুরু হওয়ায় প্রথম ম্যাচে হামজা চৌধুরীসহ কয়েকজন প্রবাসী ফুটবলারকে পাওয়া যাবে না। টুর্নামেন্টের আগে কোনো ক্লাব বা দেশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ আয়োজনের চেষ্টাও করছে বাফুফে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
