দুই গোলে পিছিয়ে পড়েও হার না মানা অবিশ্বাস্য প্রত্যাবর্তন, এরপর স্নায়ুচাপের টাইব্রেকার যুদ্ধেও পিছিয়ে থেকে জয়! নাটকের পর নাটক সাজিয়ে প্রথম আলো-স্টার নিউজ নারী ফুটবলের শেষ দল হিসেবে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ময়মনসিংহের কলসিন্দুর ফুটবল একাডেমি।
সাভারের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাঠে আজ বিকেলে ঢাকা পর্বের দ্বিতীয় ও শেষ দিনে ফুটবল দেখাল তার দুই ছবি। জয় দেখতে দেখতে নারায়ণগঞ্জ প্রমীলা ফুটবল একাডেমি যখন হারের বিষাদে ডুবেছে, ঠিক তখন টাইব্রেকারের রোমাঞ্চকর জয়ে উল্লাসে মেতে ওঠে কলসিন্দুর। আজই সকালে আঞ্চলিক সেমিফাইনালেও কলসিন্দুর জিতেছিল টাইব্রেকারে। এক দিনে জোড়া টাইব্রেকার জয়ের অনন্য অভিজ্ঞতা হলো কলসিন্দুরের।
আঞ্চলিক ফাইনালে ২-২ সমতার পর টাইব্রেকারেও শুরু থেকে পিছিয়ে ছিল কলসিন্দুর। কিন্তু ভাগ্যের লিখন না যায় খণ্ডন! কলসিন্দুরের প্রথম শটটি আটকে দেন নারায়ণগঞ্জ প্রমীলা একাডেমির গোলকিপার। কিন্তু জয়ের সামনে দাঁড়িয়ে নারায়ণগঞ্জের সুমি খাতুনের পঞ্চম শটটি ক্রসবারে লাগলে নতুন করে ম্যাচে ফেরে কলসিন্দুর। টাইব্রেকারের প্রথম পাঁচ শটে ৪-৪ সমতার পর শুরু হয় সাডেন ডেথ। সেখানেও যেন নাটকীয়তার শেষ নেই। দুই দলই পরপর ৫টি করে শটে গোল করেছে। এরপর নারায়ণগঞ্জের ছন্দপতন, তাদের ১১ নম্বর শটটি লাগে পোস্টে। সুযোগ হাতছাড়া করেননি কলসিন্দুরের লামিয়া আক্তার। তিনি গোল করতেই টাইব্রেকারে স্কোরলাইন দাঁড়ায় কলসিন্দুর ১০, নারায়ণগঞ্জ প্রমীলা ৯।

অবিশ্বাস্য এই স্কোরলাইন যেন বিশ্বাসই হচ্ছিল না নারায়ণগঞ্জ প্রমীলার কোচ জাতীয় নারী দলের সাবেক খেলোয়াড় সুরভী আক্তারের। অনেকটা বাক্রুদ্ধ হয়ে গিয়েছিলেন তিনি। অন্যদিকে হারতে হারতে জয় ছিনিয়ে নেওয়ার মুহূর্তটা প্রাণভরে উপভোগ করলেন কলসিন্দুরের মেয়েরা। তবে শেষ পর্যন্ত হারলেও নারায়ণগঞ্জ প্রমীলা একাডেমির খেলা প্রশংসা পেয়েছে উপস্থিত সবার। যেমন প্রশংসিত হয়েছে কলসিন্দুরের দুর্দান্ত প্রত্যাবর্তনও।
২-০ গোলে পিছিয়ে থাকা কলসিন্দুর যাঁর গোলে ২-১ করে আশা জাগায়, সেই ফরোয়ার্ড ঝুমুর আক্তার হন ম্যাচসেরা। তাঁর হাতে ক্রেস্ট ও অর্থ পুরস্কার তুলে দেন এই আয়োজনের টুর্নামেন্ট কমিটির সদস্য ও বাংলাদেশের সাফজয়ী নারী দলের কোচ গোলাম রব্বানী। ম্যাচসেরার পুরস্কার নিয়ে ঝুমুর ছিলেন উচ্ছ্বসিত, ‘দুই গোলে পিছিয়েও আমরা আত্মবিশ্বাস হারাইনি। বিশ্বাস ছিল ম্যাচে ফিরতে পারব। এরপর টাইব্রেকারের প্রথম শট মিস করার পরও বিশ্বাস ছিল জিতব। এই জয় আমাদের জন্য বিরাট প্রাপ্তি।’

আজ সকালে রাজবাড়ীর গোয়ালন্দ ফুটবল একাডেমি ও কলসিন্দুর ফুটবল একাডেমির আঞ্চলিক সেমিফাইনালে নির্ধারিত ৭০ মিনিটে কোনো দলই গোল করতে পারেনি। এরপর সরাসরি টাইব্রেকারে গোয়ালন্দের প্রথম তিনটি শটই আটকে কলসিন্দুরকে জেতান তাদের গোলকিপার শরিফা আক্তার। অন্যদিকে কলসিন্দুর চারটি শট নিয়ে তিনটি গোল করে জয় ছিনিয়ে নেয় (৩-০)। ম্যাচসেরা কলসিন্দুরের গোলকিপার শরিফার হাতে পুরস্কার তুলে দেন জাতীয় নারী ফুটবল দলের সাবেক খেলোয়াড় মাকসুদা খন্দকার সুখী।
দ্বিতীয় আঞ্চলিক সেমিফাইনালে ঢাকার সাভারের রিংকু ফুটবল একাডেমির মুখোমুখি হয় নারায়ণগঞ্জ প্রমীলা ফুটবল একাডেমি। ২-০ গোলে সেই ম্যাচ জিতে আঞ্চলিক ফাইনালে ওঠে নারায়ণগঞ্জ প্রমীলা। দলের প্রথম গোলটি করে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন ফরোয়ার্ড সোহেলী শারমিন। তাঁর হাতে পুরস্কার তুলে দেন টুর্নামেন্ট কমিটির সদস্য ও বাফুফের ম্যাচ কমিশনার নাহিদা আহমেদ।
রংপুরে শুরু হওয়া টুর্নামেন্টের ছয়টি অঞ্চলের সব কটি আঞ্চলিক পর্বের খেলা আজ ঢাকা পর্ব দিয়ে শেষ হলো। মাঝের সময়টাতে উত্তেজনা ছড়িয়েছে রাজশাহী, খুলনা, সিলেট ও চট্টগ্রামে। এবার লড়াই সেরা আটের। ২৬ অক্টোবর দেশের সেরা আটটি নারী একাডেমি দল নিয়ে সাভারের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাঠে শুরু হবে চূড়ান্ত পর্ব।
