নুরুন নেওয়াজ সেলিম ইলেক্ট্রো মার্ট লিমিটেড ও ট্রেড ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান। তিনি সেন্ট্রাল ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের সাবেক চেয়ারম্যান। এ ছাড়া তিনি মৌলভী শামসুল করিম কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান।
ফেনী ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মনোনীত হয়েছেন শিল্পোদ্যোক্তা ও এনসিসি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নুরুন নেওয়াজ সেলিম। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সভায় সর্বসম্মতিক্রমে তাকে এ পদে মনোনীত করা হয়। গতকাল বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নুরুন নেওয়াজ সেলিম ইলেক্ট্রো মার্ট লিমিটেড ও ট্রেড ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান। তিনি সেন্ট্রাল ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের সাবেক চেয়ারম্যান। এ ছাড়া তিনি মৌলভী শামসুল করিম কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান।
ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি শিক্ষা ও সমাজসেবায় যুক্ত নুরুন নেওয়াজ সেলিম ফেনীতে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছেন। এর মধ্যে রয়েছে মৌলভী সামছুল করিম কলেজ, নুরুন নেওয়াজ উচ্চ বিদ্যালয়, আমিন-নেওয়াজ বালিকা উচ্চ বিদ্যালয়, নুরুন নেওয়াজ সেলিম হাফিজিয়া মাদ্রাসা, শাহিদা নেওয়াজ কিন্ডারগার্টেন স্কুল এবং চেমন আরা আফরোজ এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসা।
তিনি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সাবেক পরিচালক এবং চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। এছাড়া তিনি সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আজীবন সদস্য এবং ফেনী জেলা সমিতি, চট্টগ্রামের সভাপতি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নুরুন নেওয়াজ সেলিমের নেতৃত্ব ও অভিজ্ঞতা ফেনী ইউনিভার্সিটির উন্নয়ন, প্রাতিষ্ঠানিক উৎকর্ষ এবং উচ্চশিক্ষার মানোন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
-সংবাদ বিজ্ঞপ্তি
