গুগল ম্যাপে বিশ্বের বিভিন্ন দেশ, শহর, সড়ক ও প্রতিষ্ঠানের অবস্থান সহজেই খুঁজে পাওয়া যায়। তবে সব জায়গার নির্দিষ্ট ঠিকানা বা প্রতিষ্ঠানের নাম মানচিত্রে নাও থাকতে পারে। এমন ক্ষেত্রে গুগল ম্যাপে পিন বসিয়ে নির্দিষ্ট স্থান চিহ্নিত করা যায়। চাইলে সেই অবস্থান নিজের জন্য সংরক্ষণ করা কিংবা অন্যদের সঙ্গে শেয়ারও করা সম্ভব।
কোনো পার্কে বন্ধুদের সঙ্গে দেখা করার স্থান নির্ধারণ, ভ্রমণের জন্য পছন্দের জায়গা চিহ্নিত করা কিংবা কোথায় সাইকেল রেখেছেন তা মনে রাখার মতো কাজে এ সুবিধা বেশ কার্যকর।
মোবাইলে গুগল ম্যাপে পিন বসানোর নিয়ম
অ্যান্ড্রয়েড বা আইফোনে গুগল ম্যাপস অ্যাপ ব্যবহার করে সহজেই কোনো স্থানে পিন বসানো যায়।
১. প্রথমে ফোনে গুগল ম্যাপস অ্যাপ খুলুন।
২. ম্যাপে যে স্থানটি চিহ্নিত করতে চান, সেটি খুঁজে বের করুন।
৩. নির্দিষ্ট জায়গাটির ওপর আঙুল দিয়ে কিছুক্ষণ চেপে ধরে রাখুন। সেখানে একটি পিন দেখা যাবে।
৪. স্থানটি সংরক্ষণ করতে নিচে বা পর্দায় প্রদর্শিত অপশন থেকে ‘সেভ’ নির্বাচন করুন। এরপর পছন্দের তালিকায় জায়গাটি যুক্ত করুন। প্রয়োজন হলে একটি নোটও লিখতে পারবেন।
৫. জায়গাটির জন্য নিজের পছন্দমতো নাম দিতে চাইলে ‘অ্যাড লেবেল’ নির্বাচন করুন। এতে স্থানটি অক্ষাংশ-দ্রাঘিমাংশের পরিবর্তে নির্ধারিত নামে খুঁজে পাওয়া সহজ হবে।
৬. অন্য কাউকে লোকেশন পাঠাতে চাইলে ‘শেয়ার’ অপশনে চাপ দিন। এরপর মেসেজিং অ্যাপ বা পছন্দের অন্য মাধ্যমে লিংকটি পাঠিয়ে দিন।
কম্পিউটারে পিন বসানোর নিয়ম
কম্পিউটার থেকেও গুগল ম্যাপে নির্দিষ্ট স্থান চিহ্নিত ও শেয়ার করা যায়।
১. ব্রাউজারে গুগল ম্যাপস ওয়েবসাইট খুলুন।
২. ম্যাপে পছন্দের স্থানে ক্লিক করুন। সেখানে একটি ধূসর বিন্দু দেখা যাবে এবং পর্দার নিচে ওই স্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ দেখানো হতে পারে।
৩. প্রদর্শিত স্থানাঙ্কে ক্লিক করলে জায়গাটির বিস্তারিত তথ্যের প্যানেল খুলবে।
৪. সেখান থেকে স্থানটি সংরক্ষণ, নিজের মতো নাম দেওয়া কিংবা অন্যদের সঙ্গে শেয়ার করার অপশন ব্যবহার করুন।
এ ছাড়া ম্যাপের কোনো স্থানে মাউসের ডান বোতামে ক্লিক করেও বিভিন্ন অপশন পাওয়া যায়। সেখান থেকে স্থানাঙ্ক কপি করা, লোকেশন শেয়ার করা কিংবা ওই স্থান থেকে বা ওই স্থানে যাওয়ার দিকনির্দেশনা নেওয়া সম্ভব।
নিজের অবস্থান সরাসরি শেয়ার করবেন যেভাবে
কাউকে নির্দিষ্ট কোনো জায়গার অবস্থান পাঠানোর পাশাপাশি নিজের বর্তমান অবস্থানও নির্দিষ্ট সময়ের জন্য শেয়ার করা যায়। এ ক্ষেত্রে গুগল ম্যাপসের ‘লোকেশন শেয়ারিং’ সুবিধা ব্যবহার করতে হবে।
১. গুগল ম্যাপস অ্যাপ খুলে ওপরের ডান পাশে নিজের প্রোফাইল ছবিতে চাপ দিন।
২. ‘লোকেশন শেয়ারিং’ নির্বাচন করুন।
৩. ‘শেয়ার লোকেশন’ বা ‘নিউ শেয়ার’ অপশনে গিয়ে কতক্ষণ অবস্থান শেয়ার করতে চান, তা নির্ধারণ করুন।
৪. এরপর গুগল অ্যাকাউন্টের কোনো পরিচিত ব্যক্তিকে নির্বাচন করুন অথবা অন্য মাধ্যমে লিংক পাঠানোর অপশন ব্যবহার করুন।
চাইলে নিজে বন্ধ না করা পর্যন্ত অবস্থান শেয়ার চালু রাখার বিকল্পও পাওয়া যেতে পারে। তবে এ সুবিধা ব্যবহারের আগে কার সঙ্গে এবং কতক্ষণ অবস্থান শেয়ার করছেন, তা যাচাই করে নেওয়া উচিত।
একাধিক জায়গা নিয়ে নিজের মানচিত্র তৈরি
একাধিক স্থান একসঙ্গে চিহ্নিত করতে গুগলের ‘মাই ম্যাপস’ সুবিধা ব্যবহার করা যায়। এর মাধ্যমে পার্ক, রেস্তোরাঁ, পর্যটনকেন্দ্র কিংবা ব্যবসায়িক প্রতিষ্ঠানের অবস্থান আলাদা স্তরে সাজিয়ে রাখা সম্ভব।
ভ্রমণের পরিকল্পনা, একাধিক গন্তব্যের তালিকা তৈরি কিংবা ব্যবসায়িক যোগাযোগের ঠিকানা সংরক্ষণে এটি কাজে লাগতে পারে। কাস্টম মানচিত্র তৈরি করতে কম্পিউটার ব্যবহার করতে হয়; তবে তৈরি করা মানচিত্র মোবাইলেও দেখা যায়। গুগল ম্যাপের পিন সুবিধা ব্যবহার করে নির্দিষ্ট ঠিকানা ছাড়াই কোনো স্থান চিহ্নিত করা, পরে সেটি খুঁজে পাওয়া এবং অন্যদের কাছে সঠিক অবস্থান পাঠানো সহজ হয়।
সূত্র: এনগ্যাজেট
সংশ্লিষ্ট সংবাদ: প্রযুক্তি
১১ অক্টোবর ২০২৬
১১ অক্টোবর ২০২৬
১১ অক্টোবর ২০২৬
