দেশের অর্থনীতি ক্রান্তিকাল অতিক্রম করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেন, উত্তরাধিকার সূত্রে ভঙ্গুর অর্থনীতি পেয়েছে বর্তমান সরকার। ফলে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের ওপর বড় ধরনের চাপ সৃষ্টি হয়েছে।
তিনি আরও বলেন, ৮০ লাখ থেকে এক কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে গেছেন। এ কারণে অনেককে সঞ্চয় ভাঙতে কিংবা ঋণ করতে হয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে মধ্যপ্রাচ্যের সংকট। ফলে জ্বালানির দাম বেড়ে অর্থনীতির ওপর নতুন চাপ তৈরি হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) দুপুরে রাজবাড়ী পৌর মিলনায়তনে জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।
রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা, কর না বাড়িয়ে রাজস্ব আয় বৃদ্ধি এবং মূল্যস্ফীতির প্রভাবে মানুষ যেন দারিদ্র্যসীমার নিচে চলে না যায়, সে জন্য সামাজিক সুরক্ষা কর্মসূচি নেওয়া হয়েছে।
তিনি জানান, বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও ইসলামী উন্নয়ন ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে অর্থনীতিতে পরিবর্তন আনার বিষয়ে আস্থা প্রকাশ করেছেন।
মতবিনিময় সভায় রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়াসহ অন্যরা উপস্থিত ছিলেন।
