পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণে শিক্ষার্থীদের উৎসাহিত করতে বগুড়ার শাজাহানপুর উপজেলায় দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে ১ হাজার ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) সোসাইটি ফর সোশ্যাল সার্ভিসের (এসএসএস) অর্থায়নে উপজেলার মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয় ও আড়িয়া রহিমাবাদ উচ্চ বিদ্যালয়ে পৃথক কর্মসূচির মাধ্যমে এসব চারা বিতরণ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাইফুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা শফিকুল ইসলাম, মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হালিম দুদু এবং সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলমসহ অন্যান্য শিক্ষক।
অন্যদিকে, আড়িয়া রহিমাবাদ উচ্চ বিদ্যালয়ের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি মো. মাসুদ রানা, প্রধান শিক্ষক মো. আব্দুল্লাহ আল মোনাইম, উপজেলা বিএনপির সহসভাপতি আলহাজ্ব তমেজ উদ্দিন, সাবেক আহ্বায়ক আবুল বাশার, সাংগঠনিক সম্পাদক আবু শাহিন সানি, বিএনপি নেতা এনামুল হক এনাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আইয়ুব আলী এবং আড়িয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও বিএনপি নেতা তাজুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা পরিবেশের ভারসাম্য বজায় রাখা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা শিক্ষার্থীদের গাছ লাগানোর পাশাপাশি নিয়মিত পরিচর্যার মাধ্যমে চারাগুলো বড় করে তোলার আহ্বান জানান।
আয়োজকদের প্রত্যাশা, এ উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সম্পর্কে সচেতনতা বাড়ানোর পাশাপাশি বৃক্ষরোপণে আগ্রহ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এমএ
