খুলনার খানজাহান আলী থানার মীরেরডাঙ্গায় অ্যাজাক্স জুট মিলে চোর সন্দেহে সম্রাট ঢালী (২৮) নামে এক যুবককে মারধরে মৃত্যুর অভিযোগ উঠেছে নিরাপত্তাকর্মীদের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৯টার দিকে সম্রাটসহ তিনজন খানজাহান আলী অ্যাজাক্স জুট মিলে প্রবেশ করেন। এ সময় মিলের নিরাপত্তাকর্মীরা সম্রাটকে আটক করেন। তার সঙ্গে থাকা অন্য দুজন পালিয়ে যান। এরপর সম্রাটকে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে।
জানা গেছে, নিহত সম্রাট অবিবাহিত ছিলেন। তিনি মীরেরডাঙ্গা এলাকার ফুলবাড়ীর মজিবর ঢালীর ছেলে। তিনি মুরগির বাজারে কাজ করতেন। তার মা মারা যাওয়ার পর থেকে মানসিক সমস্যায় ভুগছিলেন বলে জানান স্থানীয়রা।
নিহতের স্বজনদের অভিযোগ, নিরাপত্তাকর্মীদের মারধরের একপর্যায়ে সম্রাট তিনতলা থেকে পড়ে আহত হন। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসা দেওয়ার পর তাকে প্রিজন সেলে রাখা হয়। পরবর্তী সময়ে তাকে মৃত ঘোষণা করা হয়।
সম্রাটের ভাই সুজন ঢালী অভিযোগ করে বলেন, ভাইকে মিলের নিরাপত্তাকর্মীরা পিটিয়ে হত্যা করেছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিচার দাবি জানাচ্ছি।
সুজনের দাবি, মিলের নিরাপত্তাকর্মীরা বিভিন্ন সময়ে মিলের মালামাল চুরি করে বাইরে বিক্রি করেন এবং সেই দায় অন্যদের ওপর চাপান। নিজেদের চুরি আড়াল করতেই তার ভাইকে চোর সন্দেহে মারধর করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি জানান, সম্রাটের শরীরে ওপর থেকে পড়ে যাওয়ার মতো দৃশ্যমান আঘাতের চিহ্ন তিনি দেখতে পাননি। তার ভাইকে মারধর করা হয়েছে কি না, তা নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানান তিনি।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সম্রাটকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়। নিহত সম্রাটের বিরুদ্ধে থানায় চুরির একটি মামলা ও অন্য ধারায় আরো একটি মামলা রয়েছে।’
