মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড
চাঁদপুর প্রতিনিধি
- আপডেট সময় : ১০:৩৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীর অভয়াশ্রমে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ২৪ জেলেকে ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ২৮ জেলেকে আটক করা হয়। তাঁদের মধ্যে অপ্রাপ্তবয়স্ক চারজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে যৌথ অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। মঙ্গলবার (১৩ অক্টোবর) হাইমচর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রশীদ এ তথ্য জানান।
উপজেলা প্রশাসন, সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর, নীলকমল নৌ পুলিশ ফাঁড়ি ও কোস্টগার্ড যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্ব দেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নজরুল ইসলাম। তিনি ভ্রাম্যমাণ আদালতও পরিচালনা করেন।
অভিযানে জেলেদের কাছ থেকে এক লাখ মিটার অবৈধ কারেন্ট জাল, ১৫ কেজি মা ইলিশ ও মাছ ধরার ছয়টি নৌকা জব্দ করা হয়। পরে জব্দ করা কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। ছয়টি নৌকা কোস্টগার্ডের হেফাজতে রাখা হয়েছে। জব্দ করা মা ইলিশ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।
ইউএনও নজরুল ইসলাম বলেন, ইলিশকে মেঘনায় নিরাপদে ডিম ছাড়ার সুযোগ দিতে অভিযান অব্যাহত থাকবে। ২৯ অক্টোবর পর্যন্ত অভয়াশ্রম এলাকায় উপজেলা টাস্কফোর্স কঠোর অবস্থানে থাকবে।
