‘পৃথিবীতে এমন কোনো প্রতীক নেই, যে প্রতীকে ভোট দিলে জান্নাতে যাওয়া যায়’—এমন মন্তব্য করেছেন বাগেরহাটের রামপাল উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোল্লা তরিকুল ইসলাম শোভন।
সোমবার (১২ অক্টোবর) বিকেলে বাগেরহাটের রামপাল উপজেলায় আয়োজিত এক নির্বাচনি উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তরিকুল ইসলাম বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে একদল লোক জান্নাতের টিকিট বিক্রির চেষ্টা চালাবে। ভোট একটি আমানত। সঠিক নেতৃত্ব নির্বাচনে ভুল হলে একটি সমাজ অন্ধকারে নিমজ্জিত হতে পারে।
আরও পড়ুন
ফেসবুকে প্রেম, বিয়ে করতে ভারত থেকে জয়পুরহাটে যুবক!

তিনি আরও বলেন, তরুণ প্রজন্মের নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয়েছেন তিনি। মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় জীবনভর কাজ করে যেতে চান। আগামী স্থানীয় সরকার নির্বাচনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে তাঁকে নির্বাচিত করতে সবার সমর্থন ও সহযোগিতা কামনা করেন তিনি।
উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আবুল কালাম মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহিলা দলের নেত্রী রোজিনা কবির।
এ সময় আরও বক্তব্য দেন বিএনপি নেতা মোতালেব শেখ, সবুজ শেখ, আসিফ, মল্লিক আমীর, ফকির আলমগীর, সেলিম, ইসলাম খান ও আব্দুল কালাম মল্লিকসহ স্থানীয় নেতারা।
