ছবির ক্যাপশন: ......................
ফেরদাউস হাসান, পাবনা প্রতিনিধি:
পাবনার সাঁথিয়ায় সংবাদ সংগ্রহকালে জামায়াত সমর্থকদের দ্বারা সাংবাদিক লাঞ্ছিতের ঘটনা ঘটেছে। ভুক্তভোগী সাংবাদিক খালেকুজ্জামান পান্নু দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার সাঁথিয়া উপজেলা প্রতিনিধি ও সাঁথিয়া প্রেস ক্লাবের কার্যকরী সদস্য। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সাঁথিয়া পৌর কার্যালয়ে এ ঘটনা ঘটেছে। জানা গেছে, সাঁথিয়া পৌরসভার বোয়াইলমারী হাটবাজারের দরপত্র ক্রয়কে কেন্দ্র করে গত তিনদিন ধরে জামায়াত সমর্থিত লোকজন বিএনপি সমর্থিত লোকজনদের সিডিউল ক্রয় করতে দিচ্ছে না, এমন অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম পৌরসভা কার্যালয়ে যান। এ সময় দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার সাঁথিয়া উপজেলা প্রতিনিধি খালেকুজ্জামান পান্নু, চ্যানেল এস' এর সাংবাদিক এমজে সুলভ, আনন্দ টিভির মনোয়ার পারভেজ মানিক, যায়যায়দিনের ফারুক হোসেন, দৈনিক নিরপেক্ষ'র তোফাজ্জল হোসেনসহ কয়েকজন সাংবাদিক সংবাদ সংগ্রহ করতে যান। এসময় সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক সাদিয়া সুলতানার নিকট এ বিষয়ে তথ্য চান গণমাধ্যমকর্মীরা। এসময় জামায়াত সমর্থকরা সাংবাদিকদের অকথ্য ভাষায় গালিগালাজ করে। এমনকি সাংবাদিক খালেকুজ্জামান পান্নুকে শারীরিকভাবে লাঞ্ছিত করে।
ভুক্তভোগী সাংবাদিক খালেকুজ্জামান পান্নু বলেন,সংবাদ সংগ্রহকালে আমার উপর মোমিন,রতন,হেলাল,সাদ্দাম, মাসুদসহ ১৫-২০ জন জামায়াত সমর্থক হামলা করে মারধর করে। এ ঘটনায় থানায় ওসি সাহেব কে জানানো হয়েছে। লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
