স্থানীয় সূত্রে জানা যায়, বিকালে বন্ধুরা মিলে সমুদ্রে গোসল করতে নামেন। এ সময় প্রবল ঢেউ ও স্রোতের টানে পানিতে তলিয়ে যান তারা। পরে স্থানীয় লোকজন ও সৈকতের লাইফগার্ড কর্মীরা উদ্ধার অভিযান চালিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করেন।
কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকতে গোসলে নেমে ঢেউয়ের তোড়ে তলিয়ে তিন পর্যটকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো দুজন নিখোঁজ রয়েছেন। অন্য একজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
গতকাল বিকাল সাড়ে ৪টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের হিমছড়ি মেরিনা রিসোর্টের জাদুঘরসংলগ্ন সৈকতে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস, লাইফগার্ড ও বিচকর্মীরা সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত তল্লাশি চালিয়েও নিখোঁজ দুজনের সন্ধান পাননি।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকালে বন্ধুরা মিলে সমুদ্রে গোসল করতে নামেন। এ সময় প্রবল ঢেউ ও স্রোতের টানে পানিতে তলিয়ে যান তারা। পরে স্থানীয় লোকজন ও সৈকতের লাইফগার্ড কর্মীরা উদ্ধার অভিযান চালিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করেন। অন্য একজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। তবে অন্য বন্ধুদের সন্ধান এখনো পাওয়া যায়নি।
হাসপাতালে চিকিৎসাধীন পর্যটকের নাম রাকিব। নিহত তিন পর্যটক হলেন আকাশ, হারুন ও সানি। এ ঘটনায় সৈকতে বেড়াতে আসা পর্যটকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একদল পর্যটক ওই সৈকতে সাগরে গোসল করতে নামেন। এ সময় সাগরের প্রবল ঢেউ ও তীব্র স্রোতে তারা ভেসে যান।
ঘটনার পর স্থানীয় লোকজনের সহায়তায় একজনকে জীবিত উদ্ধার করা হয়। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। এছাড়া ঘটনাস্থল থেকে তিন পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
তিনি আরো জানান, এখনো দুজন পর্যটকের সন্ধান পাওয়া যায়নি। তাদের উদ্ধারে অভিযান চলছে।
