সরকারি সেবা প্রান্তিক অসহায় মানুষের কাছে পৌঁছে দেওয়ার অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করছেন টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব হাসান। বয়োবৃদ্ধ এক অসহায় মায়ের কষ্টের কথা শুনে নিজের দফতরের চেয়ার ছেড়ে নিচে নেমে এসে বাড়িয়ে দিলেন সহায়তার হাত। তার এই মানবিকতায় মুগ্ধ বয়োবৃদ্ধ ওই নারী।
জানা যায়, রবিবার (১৮ অক্টোবর) দুপুরে মানবিক সহায়তার জন্য এক বয়োবৃদ্ধ মা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের নিচে অপেক্ষা করছিলেন। বয়সের ভারে ন্যুব্জ ওই মায়ের পক্ষে সিঁড়ি বেয়ে দ্বিতীয় তলায় ইউএনওর কার্যালয়ে ওঠা সম্ভব ছিল না। অসহায় অবস্থায় তিনি নিচেই দাঁড়িয়ে ছিলেন।
এর পর ঠিক সেই মুহূর্তে বিষয়টি ইউএনওর নজরে আসে। খবর পেয়েই তিনি কোনো দ্বিধা না করে নিজ কার্যালয়ের চেয়ার ছেড়ে দ্রুত নিচে নেমে আসেন। তিনি ওই বৃদ্ধা মায়ের পাশে দাঁড়িয়ে পরম মমতায় তার সমস্যার কথা শোনেন।
বৃদ্ধা নারী বলেন, বাবা, আমি বুড়া মানুষ, বয়স হইছে, হাঁটতে পারি না, সিঁড়ি বাইতে পারি না। অনেক কষ্ট কইরা আইছি একটু সাহায্যের লাইগা। ভাবছিলাম উপরে যাইতে পারমু না, ফিরা যাইতে হইবো। কিন্তু বড় স্যার নিজেই নিচে নাইমা আমার কথা শুনছেন। এর চেয়ে বড় পাওয়া আর কী আছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব হাসান বলেন, সরকারি সেবা প্রান্তিক পর্যায়ে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই আমাদের মূল দায়িত্ব ও কর্তব্য। ওই বৃদ্ধা মা শারীরিকভাবে অসুস্থ, সিঁড়ি বেয়ে উপরে উঠতে পারছিলেন না শুনে আমি নিজেই নিচে নেমে গেছি। একজন নাগরিক হিসেবে তার সেবা পাওয়া অধিকার এবং তাকে কিছু সহায়তা প্রদান করা হয়।
