চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। জব্দ করা মাদকের মধ্যে রয়েছে ফেনসিডিলের বিকল্প ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ইনজেকশন। এসব মাদকের আনুমানিক জব্দমূল্য ৯১ হাজার ৪০০ টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৪ অক্টোবর) ভোররাত সাড়ে ৩টার দিকে মহানন্দা ব্যাটালিয়নের চকপাড়া বিওপির একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে। শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের উপচকপাড়া গ্রামের পাকা সড়কে, সীমান্ত পিলার ১৮২/৭-এস থেকে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযানটি চালানো হয়।
অভিযান চলাকালে মালিকবিহীন অবস্থায় ৫৬ বোতল ভারতীয় নেশাজাতীয় ‘ফেয়ারডাইল’ (Fairdyl) সিরাপ এবং ৪৬০ পিস ভারতীয় নেশাজাতীয় ইনজেকশন (Buprenorphine 2 ml) জব্দ করেন বিজিবি সদস্যরা। জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৯১ হাজার ৪০০ টাকা। বিজিবি জানিয়েছে, জব্দ করা মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক জানান, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে কাজ করছে।
তিনি আরও জানান, সীমান্ত দিয়ে সব ধরনের মাদক ও চোরাচালান প্রবেশ রোধে বিজিবির কঠোর নজরদারি এবং অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
The post শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ appeared first on ভোরের চেতনা.
