কালবেলা · দেশ
কমিটি ঘোষণার তিন মাসের মধ্যে স্থগিত চবি জাতীয় ছাত্রশক্তির কমিটি
২১/১০/২০২৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার তিন মাসের মধ্যেই জাতীয় ছাত্রশক্তির শাখা কমিটি স্থগিত করা হয়েছে। কেন্দ্রীয় সংসদের জরুরি সিদ্ধান্তে এ স্থগিতাদেশ দেওয়া হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিতাদেশ বহাল থাকবে।
বুধবার (২১ অক্টোবর) জাতীয় ছাত্রশক্তির দপ্তর সম্পাদক সরদার নাদিম মাহমুদ শুভ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, ‘জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদের সভাপতি আবু বাকের মজুমদার ও সাধারণ সম্পাদক তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরীর এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, জাতীয় ছাত্রশক্তি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার কমিটি স্থগিত ঘোষণা করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে।’
এর আগে, চলতি বছরের ২৭ জুলাই বিশ্ববিদ্যালয় শাখার ৫২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় সংসদ। কমিটিতে আব্দুল্লাহ আল মাহাথিরকে সভাপতি, মো. ইসমাইলকে সাধারণ সম্পাদক এবং মো. উলফাতুল রহমানকে সাংগঠনিক সম্পাদক করা হয়। এদিকে, শাখা সভাপতির নিষ্ক্রিয়তা এবং চলতি বছরে সহসভাপতি তানভীর আহমেদ সাব্বিরের ছাত্রলীগ-সংশ্লিষ্ট একটি মেসে অবস্থানের অভিযোগকে কেন্দ্র করে পুলিশি গ্রেপ্তারের ঘটনা আলোচনায় আসে।
এ বিষয়ে শাখা জাতীয় ছাত্রশক্তির সদ্য সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মাহাথির বলেন, আমার মাস্টার্স শেষ। এখানে সংগঠনকে নিয়মিত সময় দিতে পারছি না। তাই আমি নিজেই আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়ে নতুন নেতৃত্বের হাতে দায়িত্ব তুলে দেওয়ার কথা ভাবছি।
মূল প্রতিবেদনে যান ↗