কন্যাসন্তানের জন্ম মানে শুধু নতুন কোনো প্রাণের আগমন নয়, একটি পুরো আগামীর অঙ্কুরোদ্গম। তার স্বপ্নগুলো যখন ডানা মেলে, তখন বদলে যায় পরিবারের গল্প, বদলে যায় একটি দেশের মানচিত্র। আন্তর্জাতিক কন্যাশিশু দিবস শুধু ক্যালেন্ডারের একটি তারিখ নয়, এটি প্রতিটি কন্যাসন্তানকে নির্ভীকভাবে বেড়ে ওঠার প্রতিশ্রুতি দেওয়ার দিন। শিকলভাঙার গান গেয়ে তারা যেন নিজের আলোয় আলোকিত করতে পারে বিশ্বকে, সেই প্রত্যয় ব্যক্ত করার দিন। প্রতিবছর ১১ অক্টোবর পালিত হয় আন্তর্জাতিক কন্যাশিশু দিবস। এ বিষয়ে ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা তাদের নিজেদের মতামত ব্যক্ত করেছেন।

বিজ্ঞাপন
ভেঙে ফেলুক বাধা, বাড়ুক স্বাধীনভাবে
নাজিয়া তাবাসসুম
সমাজকর্ম বিভাগ, ইডেন মহিলা কলেজ, ঢাকা
একটি কন্যাশিশুর জন্ম মানেই একটি নতুন সম্ভাবনার সূচনা। অথচ আজও সমাজের নানা কুসংস্কার, বৈষম্য ও অবহেলা তার বেড়ে ওঠার পথে বাধা হয়ে দাঁড়ায়। কোথাও শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হয়, কোথাও বাল্যবিয়ের শিকার হয়ে থেমে যায় তার স্বপ্নের পথচলা। অথচ উপযুক্ত শিক্ষা, পুষ্টি, নিরাপত্তা ও ভালোবাসা পেলে একটি কন্যাশিশুও হয়ে উঠতে পারে দেশের উন্নয়নের শক্তি। বাংলাদেশে নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে অগ্রগতি থাকলেও বাল্যবিয়ে, শিশুশ্রম ও লিঙ্গবৈষম্য এখনো বড় চ্যালেঞ্জ। কন্যাশিশুকে বোঝা নয়, সম্পদ হিসেবে দেখতে হবে। পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগে নিশ্চিত করতে হবে তার অধিকার ও বিকাশের সুযোগ। প্রতিটি কন্যাশিশু বেড়ে উঠুক নিজের স্বপ্ন পূরণের স্বাধীনতা নিয়ে। ভেঙে যাক বৈষম্যের দেয়াল, বাড়ুক কন্যাশিশু সম্ভাবনাময় আগামীর পথে। তবেই গড়ে উঠবে সমতাভিত্তিক, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ।

সুরক্ষিত শৈশব বিকশিত হোক
মাগফেরা আখতার
সমাজকর্ম বিভাগ, ইডেন মহিলা কলেজ, ঢাকা
একটি শিশুর সুন্দর ভবিষ্যৎ গড়ে ওঠে নিরাপদ শৈশবের মধ্য দিয়ে। কন্যাশিশুর নিরাপত্তা, শিক্ষা ও অধিকার নিশ্চিত করা একটি সুন্দর সমাজ গড়ার জন্য জরুরি। কিন্তু বাল্যবিয়ে, হয়রানি, পুষ্টির অভাব, শিক্ষায় বৈষম্য ও সামাজিক কুসংস্কার এখনো অনেক কন্যাশিশুর বেড়ে ওঠার পথে বাধা সৃষ্টি করে। তাদের মতামতকে গুরুত্ব দেওয়া, নিরাপদ পরিবেশ তৈরি করা এবং স্বপ্ন পূরণের সুযোগ দেওয়া পরিবার, সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব। শিক্ষা পেলে কন্যাশিশু নিজের অধিকার সম্পর্কে জানতে পারে এবং আত্মনির্ভরশীল হয়ে উঠতে পারে। এ জন্য পরিবারকে সচেতন হতে হবে, শিক্ষাপ্রতিষ্ঠানকে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে এবং রাষ্ট্রকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। কন্যাশিশুর প্রতি বৈষম্য দূর করতে মানুষের চিন্তাভাবনার পরিবর্তন জরুরি। মনে রাখতে হবে, তার নিরাপত্তা কোনো দয়া নয়, এটি তার অধিকার। সুরক্ষিত শৈশবই বিকশিত কন্যাশিশুর সুন্দর ভবিষ্যৎ গড়ার প্রথম ধাপ।

আজকের মেয়ে, আগামী দিনের নেতৃত্ব
জুহা
সমাজকর্ম বিভাগ, ইডেন মহিলা কলেজ
আজ যে মেয়ে স্বপ্ন দেখতে শেখে, আগামীকাল সেই মেয়েই স্বপ্নকে নেতৃত্বে রূপ দিতে পারে। একটি মেয়ের স্বপ্ন শুধু তার নিজের ভবিষ্যৎকেই আলোকিত করে না, সেই সঙ্গে এগিয়ে যায় একটি পরিবার, একটি সমাজ ও একটি দেশ। একটি মেয়ের নেতৃত্বের যাত্রা শুরু হয় শিক্ষা ও জ্ঞান অর্জনের মাধ্যমে। শিক্ষার মাধ্যমে সে সঠিক সিদ্ধান্ত নেওয়া, সমস্যার সমাধান করা এবং যুক্তি দিয়ে নিজের মতামত প্রকাশ করার ক্ষমতা অর্জন করে।
প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি প্রযুক্তিগত জ্ঞান, যোগাযোগের দক্ষতা, দলগত কাজ এবং সৃজনশীল চিন্তাভাবনা একজন তরুণীকে আরো যোগ্য করে তোলে। একটি মেয়ের স্বপ্ন পূরণে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের ইতিবাচক ভূমিকা গুরুত্বপূর্ণ। মেয়েদের মতামতকে গুরুত্ব দেওয়া, আগ্রহ ও প্রতিভা বিকাশের সুযোগ করে দেওয়া এবং সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণের জন্য উৎসাহিত করতে হবে। মেয়েদের স্বপ্ন দেখার সুযোগ দেওয়া, তাদের সেই স্বপ্ন পূরণে উৎসাহিত করা এবং যোগ্যতা প্রকাশের ক্ষেত্র তৈরি করা আমাদের সবার দায়িত্ব।

শিকলভাঙার গান বাল্যবিয়েমুক্ত সমাজ গড়ার ডাক
নাসরিন আক্তার
সমাজকর্ম বিভাগ, ইডেন মহিলা কলেজ
আমাদের সমাজে বিদ্যমান বহু সমস্যার মধ্যে অন্যতম প্রধান সংকট হলো বাল্যবিয়ে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে ৪৭ থেকে ৫১ শতাংশ মেয়েই বাল্যবিয়ের শিকার হচ্ছে, যা দেশের জনগণ ও সামগ্রিক রাষ্ট্রের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। এই অন্ধকার দূর করতে বর্তমানে সবচেয়ে বড় আশার আলো দেখাচ্ছে আমাদের তরুণ প্রজন্ম।
গ্রামীণ পর্যায়ে তাদের গড়া ‘কিশোর-কিশোরী ক্লাব’ ও যুব নেটওয়ার্কের মাধ্যমে সাধারণ জনগণ দিন দিন সচেতন হয়ে উঠছে।
বাল্যবিয়ে রোধে সামাজিক উদ্যোগের মূল ভিত্তি হলো পারিপার্শ্বিক মানুষকে জাগানো এবং নারীশিক্ষায় উৎসাহিত করা, যা নিয়মিত উঠান বৈঠক বা সচেতনতামূলক সেমিনারের মাধ্যমে করা সম্ভব। এছাড়া স্থানীয় মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, কাজি এবং ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের মতো সমাজের প্রভাবশালী ব্যক্তিরা এখানে প্রধান চালিকাশক্তি হতে পারেন।
আইন দিয়ে হয়তো সাজা নিশ্চিত করা যায়, কিন্তু সমাজ বদলাতে প্রয়োজন প্রতিটি ঘরে ঘরে প্রতিরোধ গড়ে তোলা। সর্বস্তরের মানুষ সোচ্চার হলেই সুরক্ষিত হবে কন্যাশিশুদের ভবিষ্যৎ।

মেয়েদের শিক্ষা আছে, সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা কম
আফরিদা ইসলাম
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইডেন মহিলা কলেজ
সমাজের আধুনিকায়নের সঙ্গে সঙ্গে পুরুষদের শিক্ষার পাশাপাশি নারীশিক্ষাও সমানভাবে এগিয়ে চলেছে। কিন্তু দুঃখের বিষয়, নারীরা সব জায়গায় নিজেদের যোগ্যতার প্রমাণ দিলেও আজও তাদের অনেক ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে দেওয়া হয় না। নারীদের ক্ষেত্রে এই বৈষম্য সমাজে `অটল রয়েছে। যেমন, কোনো মেয়ে তার পছন্দমতো বিষয় নিয়ে পড়া, পছন্দমতো পেশা বেছে নেওয়া কিংবা জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে পরিবারের সিদ্ধান্তের ওপর নির্ভর করতে বাধ্য হয়।
শিক্ষা মানুষের চিন্তাশক্তি, আত্মবিশ্বাস ও অধিকার সম্পর্কে সচেতনতা বাড়ায়।
শিক্ষিত মেয়েরাও যদি নিজেদের জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে না পারে, তাহলে সেই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য হয় না।
মেয়েদের শিক্ষা শুধু সনদ অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং তাদের আত্মনির্ভরশীল ও সিদ্ধান্ত গ্রহণে সক্ষম করে তোলাও শিক্ষার অন্যতম লক্ষ্য। মেয়েদের প্রকৃত ক্ষমতায়ন তখনই সম্ভব, যখন শিক্ষার পাশাপাশি তারা নিজেদের জীবন সম্পর্কে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পাবে।
