ছবি, ভিডিও, নথি ও অন্যান্য ফাইল নিয়মিত আদান-প্রদানের কারণে স্মার্টফোনের অনেকটা জায়গা দখল করে নেয় হোয়াটসঅ্যাপ। এতে ফোনের ধারণক্ষতা কমে যাওয়ার ফলে অনেক সময় নতুন ছবি তোলা, ফাইল ডাউনলোড বা বিভিন্ন অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে সমস্যা হতে পারে। হোয়াটসঅ্যাপের ‘ম্যানেজ স্টোরেজ’ সুবিধা কাজে লাগিয়ে আকারে বড় ফাইলগুলো ফোনে কতটা জায়গা দখল করে আছে, তা দেখা যায়। ফলে সহজেই অপ্রয়োজনীয় ফাইলগুলো মুছে ফেলে এ সমস্যার সমাধান করা সম্ভব।
হোয়াটসঅ্যাপের ফাইলগুলোর আকার দেখবেন যেভাবে
হোয়াটসঅ্যাপের ফাইলগুলো ফোনের কতটা জায়গা দখল করে আছে, তা জানতে অ্যাপটির ওপরের ডান দিকে থাকা তিনটি ডট মেনুতে ট্যাপ করে ‘সেটিংস’ অপশনে যেতে হবে। সেখান থেকে ‘স্টোরেজ অ্যান্ড ডেটা’ নির্বাচন করে ‘ম্যানেজ স্টোরেজ’ অপশনে প্রবেশ করতে হবে। এখানে হোয়াটসঅ্যাপের ফাইলগুলো মোট কতটা জায়গা দখল করে আছে, তা দেখা যাবে। নির্দিষ্ট কোনো চ্যাটের মিডিয়া ফাইলের আকার জানতে চাইলে চ্যাটটি খুলে তার নামের ওপর ট্যাপ করতে হবে। এরপর ‘ম্যানেজ স্টোরেজ’ অপশনে প্রবেশ করলে ওই চ্যাটের ফাইলগুলো কতটা জায়গা দখল করে আছে, তা দেখা যায়। ফাইলগুলো আকার অনুযায়ী বড় থেকে ছোট ক্রমে সাজানো থাকায় বেশি জায়গা দখল করা ফাইলগুলো সহজেই শনাক্ত করে মুছে ফেলা সম্ভব।
অপ্রয়োজনীয় সব ফাইল একসঙ্গে মুছবেন যেভাবে
ফোনের স্টোরেজ খালি করতে হোয়াটসঅ্যাপের ‘সেটিংস’ থেকে ‘স্টোরেজ অ্যান্ড ডেটা’ অপশনে গিয়ে ‘ম্যানেজ স্টোরেজ’ নির্বাচন করতে হবে। এরপর যে চ্যাট বা চ্যানেল নির্বাচনের পর তালিকায় থাকা অপ্রয়োজনীয় ফাইলগুলো নির্বাচন করে ‘সিলেক্ট অল’ অপশনে ট্যাপ করলেই সব ফাইল মুছে যাবে।
ফাইল মুছে ফেলার আগে সতর্কতা
হোয়াটসঅ্যাপের ‘ম্যানেজ স্টোরেজ’ সুবিধা ব্যবহার করে কোনো ফাইল মুছে ফেললে সেটি স্থায়ীভাবে মুছে যেতে পারে। ফলে সংশ্লিষ্ট চ্যাট থেকে ফাইলটি পরে আবার ডাউনলোড করা সম্ভব না–ও হতে পারে। শুধু তাই নয়, মুছে ফেলা ফাইলগুলো আপনার ফোন থেকে মুছে গেলেও চ্যাটের অন্য সদস্যরা দেখতে পারবেন। এ ছাড়া হোয়াটসঅ্যাপ থেকে কোনো ফাইল মুছে ফেলার পরও সেটির কপি ফোনের অন্য কোনো ফোল্ডারে থেকে যেতে পারে। একই ফাইলের একাধিক কপি থাকলে স্টোরেজে জায়গা খালি করার সময় সেগুলোও মুছে ফেলতে হবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
